সংবাদপত্রে শিশু বিষয়ক লেখার জন্যে আরও বেশি স্থান বরাদ্দের আহ্বান
সংবাদপত্রে শিশু অধিকার বিষয়ক লেখা প্রকাশের জন্যে আরও বেশি স্থান বরাদ্দের আহবান জানিয়েছে একদল ক্ষুদে সংবাদকর্মী।
জাতীয় প্রেস ক্লাবে শনিবার ম্যাস্-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) আয়োজিত জাতীয় সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ আহবান জানানো হয়। গণমাধ্যমে শিশু বিষয়ক সংবাদ প্রবাহের মাত্রা বৃদ্ধির মাধ্যমে শিশু অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এ সভা আয়োজন করা হয়।
গণমাধ্যম বিষয়ক স্বেচ্ছাসেবী সংস্থা এমএমসি জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ’র সহযোগিতায় শিশু প্রকাশ নামে একটি বার্তা সংস্থা স্থাপন করে সারা দেশে ৬৪০ জন শিশুকে ক্ষুদে সংবাদকর্মী হিসেবে নির্বাচন করেছে।
এদের মধ্যে একদল ক্ষুদে সাংবাদিক মতবিনিময় সভায় উপস্থিত সম্পাদকদের উদ্দেশে বলে, সংবাদপত্রে শিশু অধিকার চিত্র আরও বেশি তুলে ধরতে হবে। শিশুদের খবর শিশুরাই লিখবে, এমন একটি পত্রিকা বের করা যেতে পারে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, সংবাদের নির্বাহী সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল, ভোরের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ টুডে’র ফিচার সম্পাদক জুলফিয়া হাসান প্রমুখ।
তারা বলেন, এ সভায় এসে আমরা উপলব্ধি করতে পেরেছি, সংবাদপত্রে শিশুদের জন্য অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন।
শিশুদের জন্যে আলাদা সংবাদপত্র প্রকাশ করা যেতে পারে বলে তারা আশ্বাস দেন।
