২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় জন্ম নেয়া বাংলাদেশী ইরাকে লড়ছে মার্কিন বাহিনীর হয়ে

ঢাকায় জন্ম নেয়া এক বাংলাদেশী এখন ইরাকে মার্কিন বাহিনীর হয়ে কাজ করছেন। সেখানে তিনি ভাষাবিদ হিসেবে কাজ করছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2005, 04:41 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

মার্কিন মেরিন তৃতীয় ব্যাটালিয়ানের অংশ হিসেবে ২৫তম মেরিন রেজিমেন্ট যখন তাদের বিশ্বব্যাপী সন্ত্রাস বিরোধী লড়াই অব্যাহত রেখেছে, তখন অধিকাংশই মনে করেছেন, ব্যক্তিগত নয়, ব্যবসায়িক কারণেই এ লড়াই চলছে।

তবে মেরিন সেনাদের মধ্যে যারা ইসলামী ধ্যান-ধারণায় বিশ্বাসী, ইরাক যুদ্ধ তাদের জন্য অন্যরকম এক যুদ্ধ বটে। তাদেরই একজন কর্পোরাল মোহাম্মদ এন রহমান। রহমান একজন সুন্নি মুসলিম। ইরাকি জনগণ ও মার্কিন যুক্তরাষ্ট্রকে রক্তক্ষয়ী বিদ্রোহী তৎপরতা থেকে রক্ষা করাই নয় বরং নিজের ধর্মের ইমেজকে উর্ধ্বে তুলে ধরার লক্ষ্যেই তার এ যুদ্ধ।

বাংলাদেশের রাজধানী ঢাকায় জন্ম নেয়া রহমানের মাতৃভাষা বাংলা হলেও শৈশব থেকেই হিন্দি, উর্দু ও আরবী ভাষায় কথা বলতে পারে সে। ১২ বছর বয়সে রহমান মার্কিন যুক্তরাষ্ট্রে পা রাখেন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’ নামের ওয়েব সাইট ডিফেন্ড আমেরিকা এ তথ্য জানায়।

আমেরিকায় পৌঁছার সাথে সাথে ইংরেজি শেখার জন্য সে ঝাপিয়ে পড়ে। পাশাপাশি সাংস্কৃতিকভাবে বিচিত্র আমেরিকান সমাজের সাথে খাপ খাওয়ানোর ব্যাপারটি তো ছিলই।

ধর্মীয় চর্চায় মেরিন কর্পসের ঐতিহ্যের কারণে রহমান ২০০১ সালে সেখানে যোগদান করেন। এর আগে ২০০০ সালে ওর্থিংটন-কিলবোর্ন থেকে তিনি গ্রাজুয়েশন করেন।

তবে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে আমেরিকার মাটিতে সন্ত্রাসী হামলার কারণে রহমান বেশ আঘাত পেয়েছিলেন। তার আঘাত পাওয়ার যুক্তি হচ্ছে, হামলার পর হামলাকারী সন্ত্রাসীরা নিজেদের সুন্নি মুসলিম বলে দাবি করেছিল।

রহমান বলেন, সন্ত্রাসীরা আমার ধর্মীয় বিশ্বাসকে যেভাবে চিত্রিত করেছিল, তাতে তাদের উপর আমি ভীষণ রাগান্বিত হয়েছিলাম। আমার ধারনা, সন্ত্রাসীরা যেভাবে চিন্তা করে, তাদের মত করে আর কেউ করে না।

অভিযানকালে একজন রাইফেলম্যানের পাশাপাশি রহমান তার স্কোয়াডের ভাষাবিদ হিসেবে কাজ করেন। ভাষাবিদ হিসেবে সে স্থানীয় সম্প্রদায়কে মেরিনের মিশন সম্পর্কে অবহিত করেন। এর মাধ্যমে মেরিন সেনারা আসলে যে সেখানে জনসাধারণকে সহায়তা করতে এসেছে, তা তাদের বোঝাতে সক্ষম হন।

তিনি বলেন, আমরা স্থানীয় অধিবাসীদের জীবনের নিরাপত্তা দিতে ও বিদ্রোহী গেরিলাদের নির্মূল করতেই যে এখানে এসেছি এটা অনেকেই বুঝতে চায় না।

তবে অনেকের সাথে কথা বলে রহমান এটা বুঝেছেন, মার্কিনীদের বিরুদ্ধে গেরিলাদের জিহাদের ডাক অনেকেই সমর্থন করেন না। তারা শিয়া-সুন্নি কোন সংঘর্ষ দেখতে চান না।

তার ধর্মীয় বিশ্বাসের কারণে অনেকে বিভিন্ন তথ্য দিয়ে তাদের সহায়তা করে থাকে বলে রহমান জানান।

রহমান তার অভিযানের উদ্দেশ্য সম্পর্কে খুব ভালোই জানেন। সে জানে যে, বড় ধরনের যুদ্ধে তার অবদানকে খাটো করে দেখা হয় না। তার বিশ্বাস, শিগগিরই ইরাক যুদ্ধ শেষ হয়ে যাবে।

রহমান বলেন, আমার নেতাদের সিদ্ধান্তে আমার বিশ্বাস রয়েছে। কর্মক্ষেত্রে আমি আমার সেরা চেষ্টা চালিয়ে যাব। আর এর ফলে আমার ধর্মীয় বিশ্বাস পুনরুদ্ধার হবে। আর আমার দেশ (আমেরিকা) ও ইরাক হবে নিরাপদ।