রাজশাহীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ৭
রাজশাহী জেলার বানেশ্বরে শুক্রবার রাতে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষে এক পুলিশ কন্সটেবলসহ কমপক্ষে সাতজন আহত হয়েছে।
গত সপ্তাহে বানেশ্বর কলেজে দু’গ্রুপের সংঘর্ষের সূত্র ধরে শুক্রবার আবার এ সংঘর্ষ বাধে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উভয় পক্ষ হকিস্টিক ও দেশীয় অন্যান্য অস্ত্র নিয়ে এক ঘন্টা ধরে সংঘর্ষে লিপ্ত হয়।
দু’দলের সংঘর্ষ থামানোর সময় ফারুক নামে এক পুলিশ কন্সটেবল আহত হয়। এসময় পুলিশ দুই রাউণ্ড গুলি ছোঁড়ে।
উভয় দলের আহত কর্মীরা হচ্ছে, এনামুল, সেলিম, শফিক, তসলিম, সাঈদ ও আওলাদ।
আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের পর বানেশ্বরে চরম উত্তেজনা বিরাজ করছে।
