২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার দেশে ফেরা হচ্ছে না শেখ হাসিনার

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা শনিবার দেশে ফিরছেন না। আমেরিকায় দু সপ্তাহের সফর শেষে ৩০ জুলাই শনিবার ভোরে তার দেশে ফেরার কথা ছিলো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2005, 09:05 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

শেখ হাসিনার ঘনিষ্ঠ একটি সূত্র শুক্রবার রাতে বিডিনিউজকে জানিয়েছেন, আমেরিকায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার দেশে ফেরার কর্মসূচি বাতিল করতে হয়েছে। আরো প্রায় এক সপ্তাহ তিনি সেখানে থাকতে পারেন।

সূত্র জানায়, বুধবার আমেরিকার ওরল্যান্ডোতে কান বিশেষজ্ঞরা তার হিয়ারিং এডজাস্ট করেছেন। তবে তার ডান কান এখনও স্বাভাবিক হয়নি। আরও কয়েক দফা তাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

এদিকে শেখ হাসিনা ফ্লোরিডা ত্যাগ করে বর্তমানে ওয়াশিংটনে পুত্র সজীব ওয়াজেদ জয়ের বাসায় আছেন। চিকিৎসকের সঙ্গে অ্যাপয়েনমেন্ট অনুযায়ী তাকে আবার ফ্লোরিডা যেতে হবে।

শেখ হাসিনা তার ক্ষতিগ্রস্ত কানের চিকিৎসার জন্যে গত ১৬ জুলাই আমেরিকা যান।

গত বছরের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় তার কান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।