২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ১০ একর জমি কিনেছে নাইকো, আরও দুই স্থানে গ্যাস অনুসন্ধান, এলাকায় আতংক

ফেনীতে প্রায় ১০ একর জমি কিনেছে তেল গ্যাস উত্তোলনকারী কানাডীয় কোম্পানি নাইকো।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2005, 05:08 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

ফেনীর গ্যাস ফিল্ড থেকে গ্যাস উত্তোলনের পাশাপাশি আরও দুটি স্থানে গ্যাস অনুসন্ধান শুরু করেছে এ কোম্পানি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের অলিপুর ও বালিগাঁও ইউনিয়নের সুন্দরপুর গ্রামের ৪৮০ শতক জমি কিনে গ্যাস অনুসন্ধান শুরু করেছে নাইকো। তাদের স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে সম্প্রতি ১৮০ শতক জমির রেজিস্ট্রি সম্পন্ন হয়েছে। এছাড়া কালিদাস পাহালিয়া নদী থেকে বালি সরবরাহের জন্যে নয় কিলোমিটার পাইপ লাইন বসানো হয়েছে অন্যের আবাদী জমির উপর। এ পাইপ পাহারা দিচ্ছে স্থানীয় অর্ধশতাধিক মাস্তান। ফলে চাষাবাদে সমস্যা হলেও কেউ প্রতিবাদ করতে পারছেনা।

স্থানীয় লোকজন জানায়, অলিপুর গ্রামে গ্যাস অনুসন্ধানের জন্যে ধলিয়া বাজার থেকে রায়মোহন সড়কের প্রায় ৯০০ মিটার সড়ক প্রশস্তকরণের কাজ নাইকো নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান দীপন শুরু করলেও ইউনিয়ন পরিষদ ও এলজিইডি এ সম্পর্কে কিছুই জানে না। সম্প্রতি এলজিইডি এ কাজে বাধা দিলে প্রতিষ্ঠানটি ধলিয়া ইউনিয়ন পরিষদের অনাপত্তি আদায়ের চেষ্টা করছে।

এদিকে বালুয়া চৌমুহনির ‘ফেনী গ্যাস ফিল্ড’ থেকে নাইকো প্রতি দিন প্রায় চার কোটি ঘন ফুট গ্যাস উত্তোলন করে জাতীয় গ্রিডে সরবরাহ করছে বলে স্থানীয় সূত্র জানায়। এর সাথে প্রতি সপ্তাহে উঠে আসা প্রায় ১০ হাজার লিটার কনডেনসেট মেঘনা অয়েলের মাধ্যমে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে পাঠানো হচ্ছে।

এদিকে টেংরাটিলায় নাইকোর কুপে অগ্নিকাণ্ডের পর চৌমুহনীসহ আশপাশের গ্রামগুলোর প্রায় ১৫ হাজার মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানায়, নাইকোর নিয়োজিত প্রতিষ্ঠান দীপন ও দেশবাংলার লোকজন তাদের নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করছে।