বাজিতপুরে নদী ভাঙ্গনে ১৮শ’ পরিবার গৃহহীন
কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার ৪ টি ইউনিয়নে ১৮শ’ পরিবারের ঘরবাড়ি ও এলাকার মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান ঘোরাউত্রা নদীর প্রচন্ড ঢেউয়ের আঘাতে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। জরুরি ভিত্তিতে এখন সেখানে অস্থায়ী আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।
দুর্গত ইউনিয়নগুলো হচ্ছে দিঘীরপাড়, বলিয়াদি, মাইচচর ও হুমায়ুনপুর।
জানাযায়, উপজেলার বাবু নগর গ্রামের ৮শ পরিবারের বাড়িঘর ও দুটি জামে মসজিদ, টোকবালিয়াদি গ্রামের ৩শ’ পরিবারের বাড়িঘড় ও জামে মসজিদ, লালখার চরের হাজী আব্দুল আমিন প্রাথমিক বিদ্যালয়, শেলদিপাড়ার ১শ’ পরিবারের বাড়িঘর, চেঙ্গাহাটি গ্রামের প্রায় ৩ শ পরিবারের বাড়িঘর, সাহাপুরের প্রায় ৭০ টি পরিবারের বাড়িঘর, আয়নারকান্দি গ্রামের প্রায় ১শ’ পরিবারের বাড়িঘর, মাইচ্চর ও হুমায়ুন পুরের প্রায় ১শ’ পরিবারের বাড়িঘর ও ৩ টি মসজিদ ও ৪ টি বেসরকারী প্রাথমিক বিদ্যালয় এবং ১ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় নদী গর্ভে বিলীন হয়ে গেছে।
সরেজমিনে পরিদর্শনকালে চেঙ্গারহাটি গ্রামের সবেত আলি জানান, তাদের পাঁচ ভাই সহ দশ টি পরিবারের বাড়িঘর নদী গর্ভে বিলিন হয়ে গেছে। সরকারী সাহায্য পাওয়ার কথা জিজ্ঞাসা করলে তারা জানান এখন পর্যন্ত তাদের এলাকায় কোন রিলিফ পৌঁছায়নি। একই গ্রামের সেকান্দার আলী ও মহরবানু জানায়, তারা সামান্য কিছু সরকারী চাল সাহায্য পেয়েছে।
আছানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বন্যা দুর্গতদের দেখতে গিয়ে স্থানীয় সংসদ সদস্য মজিবুর রহমান মঞ্জু জানান, ইতোমধ্যে তার বাড়ির পাশে একটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং শতাধিক পরিবার এই কেন্দ্রে আশ্রয় নিয়েছে। এভাবে ভাঙ্গন চলতে থাকলে কেন্দ্রে গৃহহীন পরিবারের সংখ্যা আরও বেড়ে যাবে।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক সিএম ইউসুফ হোসেইন জানান, নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করে তাৎক্ষনিকভাবে ১০ মেট্রিক টন চাল ও নগদ ১০ হাজার টাকা বিতরন করা হয়েছে।
