২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণফুলীর দূষনে বঙ্গোপসাগরের সামুদ্রিক মাছের অস্তিত্ব হুমকির মুখে

কর্ণফুলী নদীর মারাত্মক দূষনের কারণে বঙ্গোপসাগরের সামুদ্রিক মাছের অস্তিত্ব এখন হুমকির মুখে। অব্যাহত দূষণে গত কয়েক বছর ধরে মাছের সংখ্যা আশংকাজনকভাবে কমে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সমীর বড়ুয়া

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2005, 11:20 AM

Updated : 26 Apr 2022, 05:55 PM

চট্টগ্রামের প্রধান নদী কর্ণফুলীর উৎপত্তি লুসাই পাহাড়ে। চট্টগ্রামের এই ঐতিহ্যবাহী নদীটি এখন পৃথিবীর দুষিত নদীগুলোর অন্যতম বলে ধারণা করছেন মেরিন বিশেষজ্ঞ এবং পরিবেশ বিজ্ঞানীরা।

৭২০ টি বিভিন্ন ধরণের কারখানা থেকে শিল্প বর্জ্য এবং বন্দর নগরীর ৪০ লাখ মানুষের গৃহস্থালীর বর্জ্য প্রতিদিন সরাসরি নদীতে ফেলা হচ্ছে।

সরকারি তথ্য অনুযায়ি, ১৯টি ট্যানারি, ২৬ টি টেক্সটাইল, একটি রিফাইনারি, একটি টিএসপি সার প্লান্ট, দুটি ক্যামিকেল শিল্পপ্রতিষ্ঠান, পাঁচটি মৎস্য প্রক্রিয়াজাত কেন্দ্র, পাঁচটি কীটনাশক শিল্প প্রতিষ্ঠান, চারটি ডায়িং কারখানা, কর্ণফুলী ইউরিয়া সার কারখানা (কাফকো), চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লি. (সিইউএফএল), অ্যাসফল্ট বিটুমিন প্ল্যান্ট, টিএসপি প্ল্যান্ট, কর্ণফুলী পেপার মিল এবং কর্ণফুলী রেয়ন মিলসের বিষাক্ত বর্জ্য প্রতিদিন কর্ণফুলীর পানিতে ফেলা হচ্ছে। এমনকি ট্যানারি কারখানার ১ লাখ ৫০ হাজার তরল বর্জ্য এবং কেপিএম ও কর্ণফুলী রেয়ন মিলস থেকে প্রতিদিন চার টন সুতা নদীতে ফেলা হচ্ছে এবং তা প্রতিদিন উপকূলীয় ও সমুদ্রের পানিতে গিয়ে পড়ছে। যে পরিমান বর্জ্য প্রতিদিন কর্ণফুলীতে ফেলা হচ্ছে, তাতে এতদিনে কর্ণফুলী নদী ভরাট হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু খরস্রোতা হওয়ার কারণে এখনও বহমান আছে। নদীটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত সরকার ও সংশ্লিষ্ট সংস্থাসমূহ এ বিষয়ে অজ্ঞাত কারণে নিরবতা পালন করছে।

পরিবেশ বিভাগের কর্মকর্তারা দাবি করেন, তারা ইতিমধ্যেই প্রায় ১৫০টি কারখানার সনদ বাতিল করেছেন। তবে বিভাগের দায়িত্বশীল সূত্রসমূহ জানায়, বহুজাতিক কোম্পানীসহ প্রায় ৬০ ভাগ কারখানার পরিবেশ বিভাগের কোন ছাড়পত্র নেই।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক বিজ্ঞান বিভাগের একজন অধ্যাপক জানান, কেপিএম ও কেআরএম থেকে প্রতি বছর তিন হাজার কিলোগ্রাম মার্কারি কর্ণফুলীতে ফেলা হয়।

একজন পরিবেশ বিশেষজ্ঞ বিডিনিউজকে জানান, কারখানার বিষাক্ত বর্জ্য, তেল ফেলা, অবৈধ ও অতিরিক্ত মাছ ধরা, পরিত্যক্ত মাছ নদীতে ফেলা, নদী ভরাট, বন্যার পানি ইত্যাদি প্রতিনিয়ত কর্ণফুলিকে দূষিত করছে এবং এসব কারণে মৎস্য সম্পদ আশংকাজনকভাবে হ্রাস পাচ্ছে।

গ্রীষ্মমন্ডলীর দেশসমূহের মধ্যে বঙ্গোপসাগরের ৭০ হাজার কিলোমিটার জায়গা সামুদ্রিক মৎস্য সম্পদের অন্যতম ক্ষেত্র বলে ধারণা করা হয়।

১৯৯৫ সালের এক রিপোর্ট অনুযায়ী, এখানে মৎস্য সম্পদের পরিমান প্রায় এক কোয়ার্টার মিলিয়ন মেট্টিকটন। এর মধ্যে ৯০০০ মেট্রিকটনই চিংড়ি যা বাংলাদেশর বৈদেশিক মুদ্রা অর্জনকারী অন্যতম রপ্তানি পন্য।

প্রায় ১৫ লাখ লোক বঙ্গোপসাগরে মাছ ধরে জীবিকা আহরণ করে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক বিজ্ঞান বিভাগের সাবেক পরিচালক অধ্যাপক ড. আব্দুল মতিন জানান, বিষাক্ত রাসায়নিক পদার্থ টক্সিসাইড, বিদেশী বিভিন্ন জাহাজের ফেলা খাদ্য দ্রব্য এবং বর্জ্য, শিল্প কারখানার বর্জ্য ইত্যাদি কর্ণফুলিকে প্রতিনিয়ত দূষিত করছে।

ড. মতিন বলেন, বিভিন্ন কীটনাশক এবং রাসায়নিক দ্রব্য পানির স্বাভাবিক ইকোসিস্টেমকে নস্ট করে ফেলছে। ফলে সাগরের বিভিন্ন জুয়োপ্লাংটন এবং পাইটোপ্লাংটনের ওপর বিরূপ প্রভাব ফেলছে।

পরিবেশ বিজ্ঞানী এবং চট্টগ্রামের পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোশাররফ হোসেন জানান, সমুদ্র পাড়ের বিভিন্ন শিল্পকারখানার বজ্য পদার্থও সমুদ্র দূষনের জন্য দায়ী। তিনি জানান, চট্টগ্রাম এক্সপোর্ট জোনের বিভিন্ন শিল্পকারখানার বর্জ্য পরিশোধনের কোন ব্যবস্থা না থাকায় প্রায় ৫০ ভাগ বর্জ্য সরাসরি সাগরে পড়ে।

সাগরের দূষনের জন্য আরও বিভিন্ন কারণ উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন জাহাজের নাগরিকরাও কোন নীতি মেনে চলে না এবং তারাও নানাভাবে সাগর দূষণ করে। এছাড়া চট্টগ্রামে বর্জ্য পরিশোধনের ভালো কোন ব্যবস্থা না থাকায় সরাসরি এসব পানির সাথে মিশে সাগরকে দূষিত করে।

যেভাবে সাগর এবং কর্ণফুলির পানি দূষিত হচ্ছে, তা যদি অব্যাহত থাকে তাহলে একদিন মাছেরা তাদের আবাস পরিবর্তন করে ভারত বা মায়ানমার সাগরে চলে যাবে বলে মত প্রকাশ করেন আন্তর্জাতিক সমুদ্র বিজ্ঞানী ড. আব্দুল মতিন।

বঙ্গোপসাগর এবং কর্নফূলির দূষন রোধ করে মৎস্য সম্পদের এই বিশাল ক্ষেত্র টিকিয়ে রাখতে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া প্রয়োজন।