পৃথক সড়ক দুর্ঘটনায় ৬জন নিহত এবং প্রায় অর্ধশত আহত
সারাদেশে গত ২৪ ঘন্টায় পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত এবং প্রায় অর্ধশত মানুষ আহত হয়েছে।
বিডিনিউজ ময়মনসিংহ প্রতিনিধি জানান, ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাশাটিতে এক সড়ক দুর্ঘটনায় বিডিআরের দুই সদস্য নিহত এবং ১৩ জন আহত হয়েছে। নিহতরা হচ্ছে আ. হাই ও মীর হোসেন।
পুলিশ জানায়, বুধবার বিকেলে ময়মনসিংহ থেকে ৩৯ ব্যাটেলিয়নের সদস্যরা ট্রাকযোগে কুড়িগ্রাম যাচ্ছিল। ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের ফুলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত ল্যান্সনায়েক আইয়ুব আলী, মাহবুবুল আলম, হাবিলদার ইসহাক, আবদুর রাজ্জাক, আবদুর রহমান, নুরু, নাজির, জাকির, মিজানুর রহমান, ওয়াজেদ আলী ও নায়েক গোলাম মোস্তফাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নোয়াখালী প্রতিনিধি জানান, বুধবার বিকেলে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর-ফেনী সড়কের বাংলাবাজার পেট্রোল পাম্পের সামনে লক্ষ্মীপুরগামী একটি বাসের চাপায় মা ও ছেলে নিহত হয়। নিহতরা হচ্ছে শাহীন আক্তার (২৭) ও তার ছেলে এমরান (৫)। এ ঘটনায় উত্তেজিত হয়ে জনতা বাসটি পুড়িয়ে দেয় এবং ২০/২৫ টি বাস ভাংচুর করে। ক্ষুব্ধ জনতা প্রায় আড়াই ঘন্টা সড়ক অবরোধ করে রাখে।
খবর পেয়ে চৌমুহনী ও মাইজদী থেকে দমকল বাহিনী ঘটনাস্থলের দিকে রওনা হলে জনতা তাদের ঘটনাস্থলে পৌঁছতে দেয়নি। বেগমগঞ্জ ও সুধারাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। এসময় পুলিশ ও জনতার সংঘর্ষে ২০ জন আহত হয়। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, জেলা সদর এবং বেগমগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে।
যশোর প্রতিনিধি জানান, বুধবার দুপুর ১২টায় শহরের কাঁঠালতলায় ট্রাকের পিষ্ট হয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল বিভাগের ছাত্র আরিফ খান ঘটনাস্থলে মারা যায়। রিকশা করে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। আরিফের লাশ ময়না তদন্তের জন্যে হাসপাতালে পাঠানো হয়েছে।
লালমনিরহাট প্রতিনিধি জানান, লালমনিরহাট-বুড়িমারি সড়কে বুধবার বিকেলে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ফয়জুল্লাহ (১৪) নামে একজন সাইকেল আরোহী নিহত হয়। আহত হয় বাসের ১৫ জন যাত্রী।
পুলিশ জানায়, বুড়িমারী থেকে সৈয়দপুরগামী নিশাত পরিবহনের একটি বাস পাটগ্রাম ইউনিয়ন পরিষদ সংলগ্ন টিলারবাজার নামক স্থানে সাইকেল আরোহী ফয়জুল্লাহকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় ফযজুল্লাহ ঘটনাস্থলেই নিহত হয়। আহতদের মধ্যে মানিক (৪৫), আবদুর রহমান (২৫), রশিদা (২৪) ও তার শিশুপুত্র মাসুদ (৪), মতিয়ার (৩০), সিন্দুবালা (২০) ও তাহমিনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেরপুর প্রতিনিধি জানান, বুধবার দুপুরে জেলার নবীনগর বাস টার্মিনালের কাছে ড্রিমল্যান্ড সার্ভিসের একটি বাসের চাপায় আহের উদ্দিন (৩৫) নামে একজন গুরুতর আহত হয়েছে। শেরপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
