২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মওদুদের সঙ্গে ঝিন্টুর ছবি প্রকাশ করেছেন আইনজীবীরা

বহুল আলোচিত মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত আসামি মহিউদ্দিন আহমেদ ঝিন্টু সুইডেনে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদকে সংবর্ধনা জানাচ্ছেন এমন কয়েকটি ছবি বুধবার সুপ্রিম কোর্টের একদল আইনজীবী জনসম্মুখে প্রকাশ করেছেন।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2005, 08:48 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

ছবিতে ঝিন্টুর নেতৃত্বে সুইডেন প্রবাসী বাংলাদেশীদেরকে আইনমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করতে দেখা যায়।

তবে আইনমন্ত্রী দাবি করেন, তিনি ঝিন্টু নামে কাউকে চেনেন না বা এমন নামও শোনেননি এবং একটি ডাবল মার্ডার মামলায় ঝিন্টুর মৃত্যুদন্ডাদেশ মওকুফ করার ক্ষেত্রে তার কোনও ভূমিকা ছিল না।

আইনজীবীরা সুইডেন বিএনপি’র পক্ষ থেকে ব্যারিস্টার মওদুদ ও তার স্ত্রী হাসনা জে মওদুদকে দেয়া সংবর্ধণার সংবাদ সম্বলিত, সুইডেন থেকে প্রকাশিত বাংলা মাসিক ‘প্রবাসীর কণ্ঠ’ পত্রিকার কপিও বিতরণ করেছেন।

সংবর্ধণা উপলক্ষ্যে সুইডেনের ‘পায়েল’ নামে একটি রেস্টুরেন্টে বৈঠকের আয়োজন করা হয়।

বিএনপি’র সুইডেন শাখার সভাপতি মহিউদ্দিন আহমেদ ঝিন্টুর সভাপতিত্বে ওই বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুইডেনে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত সাবিহুদ্দিন আহমেদ ও এমএস রওনক আহমেদ, বাংলাদেশ কেন্দ্রীয় সংগঠনের সভাপতি এনামুল মজিদ চৌধুরী, সংগঠনের সাবেক সভাপতি আনোয়ার হোসেন পাঠান, সুইডেনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র সমিতির সভাপতি হুমায়ূন কবির, লেখক সৈয়দ শওকত আলী, স্থানীয় বিএনপি নেতা সৈয়দ আব্দুল কাইয়ুম, বিএনপি ফিনল্যান্ড শাখার সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সুইডেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান শিকদার ফানু ও বিএনপি স্টোকহোম শাখার সাধারণ সম্পাদক নাজমুল শিপার।

মওদুদকে উদ্দেশ্য করে মহিউদ্দিন ঝিন্টু তার স্বাগত বক্তব্যে বলেন, ‘আপনি (মওদুদ) বিএনপি’র শুরু থেকেই এই সংগঠনের সাথে জড়িত। আপনার মনে আছে হয়ত, সত্তুর দশকের শেষের দিকে আমি ঢাকার হাটখোলা মাঠে একটি সমাবেশের আয়োজন করেছিলাম এবং আপনি ছিলেন ওই সমাবেশের প্রধান অতিথি। দীর্ঘ সময় পরে আপনাকে আমাদের মাঝে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত’।

মওদুদের সম্পর্কে বিবৃতি দেয়ায় মঙ্গলবার তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (এসসিবিএ) সম্পাদক অ্যাডভোকেট ইনায়েতুর রহিমের বিরুদ্ধে একটি মানহানি মামলা দায়ের করেন।

আশির দশকের একটি ডাবল মার্ডার ঘটনায় সামরিক আদালত কর্তৃক মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি মহিউদ্দিন আহমেদ ঝিন্টুকে ক্ষমা ঘোষণার ঘটনায় মওদুদকে জড়িয়ে এনায়েতুর রহিম বিবৃতি দেন এবং কয়েকটি সংবাদপত্রে তা প্রকাশিতও হয়। ঝিন্টু বর্তমানে বিএনপির সুইডেন শাখার সভাপতি।