পাচারকৃত নারী ও শিশুদের মানসিক স্বাস্থ্য সেবায় বাংলাদেশ ও ভারত যৌথ কর্ম-পরিকল্পনা গ্রহণের উদ্যোগ
বাংলাদেশ ও ভারত পাচারকৃত নারী ও শিশুদের মানসিক স্বাস্থ্য সেবায় একটি যৌথ কর্ম-পরিকল্পনা তৈরি করতে যাচ্ছে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সকল সেলটার হোম ও ড্রপ ইন সেন্টারগুলোতে এ কর্ম পরিকল্পনা প্রচলনের উদ্যোগ নেওয়া হবে।
বুধবার আহছানিয়া মিশনে আয়োজিত দু’দিন ব্যাপী এক পরামর্শ সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা আহছানিয়া মিশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী পরিচালক কাজী রফিকুল আলম।
তিনি বলেন, পাচারকৃত নারী শিশুদের উদ্ধার করে তাদের সামনে শুধুমাত্র কাজের সুযোগ দিলেই চলবে না, প্রথমে তাদের কাজ করার মানসিক দৃঢ়তা ফিরিয়ে আনতে হবে। এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী মানসিক চিকিৎসা। এ মানবিক সেবায় যারা কাজ করবেন, তাদের প্রশিক্ষণের মাধ্যমে তৈরি করা প্রয়োজন। আর প্রশিক্ষত কর্মীরাই এ মানবিক সমস্যা চিহ্নিত করে সেবা প্রদান করতে পারবে।
দক্ষিণ এশিয়া আঞ্চলিক ইকুইটি সাপোর্ট কর্মসূচি (সারিউক) এর সহায়তায় ভারতের পশ্চিমবঙ্গের একটি বেসরকারি সংস্থা এবং ঢাকা আহছানিয়া মিশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এ পরামর্শ সভায় আরও বক্তব্য রাখেন মিশনের কর্মসূচি বিভাগের প্রকল্প পরিচালক এমইউএম মালেক, প্রফেসর রোকেয়া বেগম, পশ্চিমবঙ্গের সঙ্গীতা দেব, সঞ্জয় বিশ্বাসসহ অনেকে।
এ বিষয়ক গবেষণামূলক প্রবন্ধ পাঠ করেন আহছানিয়া মিশনের উপ নির্বাহী পরিচালক ড. মাহমুদুর রহমান।
সভায় পাচারেরর শিকার কিশোরী ও নারীদের মানসিক স্বাস্থ্য সেবা প্রদান কার্যক্রমে নিয়োজিত বাংলাদেশের নয়টি ও পশ্চিম বঙ্গের পাঁচটি সংস্থার মোট ২৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
এ পরামর্শ সভা বৃহস্পতিবারও চলবে।
