বেনাপোল বন্দরে অচলাবস্থা
ভারতীয় পরিবহন মালিক-শ্রমিকদের লাগাতার ধর্মঘটের কারণে দেশের প্রধান স্থলবন্দর বেনাপোল পুরোপুরি অচল হয়ে পড়েছে। সেইসাথে বন্ধ হয়ে গেছে পণ্য চালানও।
বন্দর সূত্রে জানা যায়, সম্প্রতি বাংলাদেশে আটক ভারতের চারটি ট্রাক ফেরতের দাবিতে বনগাঁ মহকুমা সীমান্তে পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়ন গত বৃহস্পতিবার থেকে লাগাতার ধর্মঘট শুরু করলে ভারতের কোন ট্রাক বেনাপোলে প্রবেশ করেনি। সোমবার থেকে বাংলাদেশী পণ্যবাহী ট্রাকও ঢুকতে দেয়া হচ্ছে না। বেনাপোল বন্দরে ২১ হাজার সাতশ’ মেট্রিক টন পণ্য ধারণ ক্ষমতা রয়েছে। প্রতিদিন এ বন্দরে ট্রাকের মাধ্যমে তিন থেকে সাড়ে চার হাজার টন পণ্য খালাস হয়। বন্দর বন্ধ থাকায় বেনাপোলে প্রবেশের অপেক্ষায় রয়েছে পণ্যবাহী শ’ শ’ ট্রাক।
আন্দোলনরত মালিক শ্রমিকদের সাথে একাত্মতা ঘোষণা করেছে বনগাঁ মহকুমা ট্রাক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, আইএনটিইউসি (কংগ্রেস) এবং সিপিএম-এর শ্রমিক সংগঠন সিটু।
এদিকে আগামী বৃহস্পতিবার থেকে বেনাপোল বন্দর ব্যবহারকারী ৫টি সংগঠন ১২ দফা দাবিতে লাগাতার ধর্মঘটে যাচ্ছে। বেনাপোল কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার জানান, বর্তমানে ঢাকায় অবস্থানরত কমিশনার আতিকুর রহমান খান ফিরে এলেই আন্দোলনরত সংগঠনের নেতাদের সাথে বৈঠক করা হবে। আন্দোলনরত সংগঠনগুলোর মধ্যে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামছুর রহমান জানান, কাস্টমস কর্তৃপক্ষ তাদের দাবিসমূহ মানলেই কেবল তারা কর্মসূচি প্রত্যাহার করবেন।
