পদ্মা নদীর অব্যাহত ভাঙ্গনে চাঁপাইনবাবগঞ্জবাসী শঙ্কিত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উজিরপুর এলাকায় পদ্মা নদীর অব্যাহত ভাঙ্গনে শঙ্কিত হয়ে পড়েছে জেলাবাসী। ভাঙ্গনের তীব্রতায় হুমকির মুখে পড়েছে নবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক।
দফায় দফায় বিপর্যয়ের কারণে প্রায় একশ‘ ২০ কোটি টাকার পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্প অকার্যকর হওয়ার পর ভাঙ্গন প্রতিরোধে নতুন করে শুরু হওয়া ১৪ কোটি টাকার তীর সংরক্ষণ কাজের স্থায়িত্ব নিয়েও দেখা দিয়েছে সংশয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শিবগঞ্জ উপজেলার উজিরপুর, মহাদিপুর, বহালাবাড়ী ও চকঘোড়াপাখিয়ার দেড় কিলোমিটার অঞ্চল জুড়ে চলছে রাক্ষুসী পদ্মার ভাঙ্গনের তাণ্ডবলীলা।
এক সময় ভারত সীমান্তের ধার দিয়ে প্রবাহিত হওয়া পদ্মা নদী মাত্র এক দশকে একের পর এক জনপদ, কোটি কোটি টাকার বহু স্থাপনা, আবাদি জমিসহ মূল্যবান আমবাগান গ্রাস করতে করতে এসে এখন প্রবাহিত হচ্ছে পাগলা নদীর পাশ দিয়ে বাংলাদেশ সীমান্তের অনেক ভিতরে।
এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা, শুষ্ক মৌসুমের পরিবর্তে বর্ষা মৌসুমে কাজ করা, নকশা ও নির্মান কাজের ত্রুটির কারণে পদ্মা নদীর ভাঙ্গন প্রতিরোধে ১৯৯৫ সালে গ্রহণ করা কোন পদক্ষেপই কার্যকর হয়নি।
সর্বশেষ প্রায় একশ‘ ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্প গত বছর পুরোপুরি ভেস্তে গেছে। প্রকল্পের বাম তীরে নির্মিত ৮টি স্পারের মধ্যে ১ নং স্পার এখন অবস্থান করছে ডান তীরে, ২ নং মাঝ নদীতে আর ৭ ও ৮ নং স্পার ভেসে গেছে পদ্মা গর্ভে। প্রকল্পের বাকি ৪টি স্পার কোন কার্যকর ভূমিকা রাখতে পারছে না।
গৃহীত পদক্ষেপগুলো অকার্যকর হওয়ায় সম্প্রতি পানি সম্পদ মন্ত্রী ভাঙ্গন এলাকা পরিদর্শনে এসে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
স্পার প্রকল্প বিফলে যাওয়ার পর পদ্মা-পাগলার মোহনায় উজিরপুরে ব্যাপক ভাঙ্গন দেখা দিলে পদ্মা-পাগলা নদী একীভূত হওয়া ঠেকাতে গ্রহণ করা হয় ১৪ কোটি টাকা ব্যয়ের নতুন প্রকল্প। এ প্রকল্পে এক হাজার ৮০ মিটার তীর সংরক্ষণের কাজ শুরু হতেই জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে পদ্মা নদীতে হঠাৎ করে একসঙ্গে কয়েক মিটার পানি বৃদ্ধি পাওয়ায় নির্মানাধীন পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ কাজের উজানে এক কিলোমিটার ও ভাটিতে এক কিলোমিটার তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে।
পার্শ্ববর্তী এলাকার লোকজন নিরাপদ আশ্রয়ে বাড়িঘর সরিয়ে নেয়া অব্যাহত রেখেছে।
এলাকাবাসী পদ্মায় বিলীন হবার আশঙ্কায় ভাঙ্গন কবলিত এলাকার বহু আম গাছসহ অন্যান্য গাছপালা কেটে নিয়ে গেছে।
অন্যদিকে পদ্মা ও পাগলা নদীর মধ্যবর্তী স্থানে এখন কোন বাড়িঘর নেই।
এলাকাবাসী জানায়, পদ্মা-পাগলা নদী একীভূত হওয়া ঠেকাতে জরুরী পদক্ষেপ না নিলে বিলীন হবে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক, ৭টি ইউনিয়নের বর্ধিষ্ণু প্রায় ৫০টি গ্রাম। বাস্তুহারা হবে হাজার হাজার মানুষ। আর হুমকির মুখে পড়বে চাঁপাইনবাবগঞ্জ শহর। সেই সাথে ১৩০ কোটি টাকার পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্প পুরোপুরি ভেস্তে যাবে।
