২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিছু স্থানে বন্যা পরিস্থিতির উন্নতি আবার কয়েকটি নতুন এলাকা প্লাবিত, বাড়ছে ভাঙ্গন

সিলেট, সুনামগঞ্জ এবং নেত্রকোনা জেলার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2005, 09:44 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

আবহাওয়া অফিস সূত্র জানায়, ঢাকা, নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জের আশপাশের নিচু এলাকার বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে।

গত ২৪ ঘন্টায় (মঙ্গলবার সকাল ৯ টা পর্যন্ত) ব্রহ্মপুত্র ও দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকা কয়েক স্থানে হালকা বৃষ্টিপাত এবং গঙ্গা ও মেঘনা অববাহিকার বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি এবং দু-এক জায়গায় ভারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এসময় পটুয়াখালীতে ৫০ মিমি, বরগুনায় ২৪ দশমিক ৭ মিমি, সুনামগঞ্জে ২৪ মিমি, দিনাজপুরে ২৩ মিমি, বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি সকল পয়েন্টে হ্রাস পেয়েছে। উজানে গঙ্গা ও পদ্মা নদীর পানি হ্রাস পেলেও ভাটিতে বৃদ্ধি অব্যাহত রয়েছে।

মেঘনা উপত্যকার বিভিন্ন নদ-নদীতে পানির বৃদ্ধি এবং হ্রাস উভয়ই রেকর্ড করা হয়েছে। অন্যদিকে, দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকার বিভিন্ন নদ-নদীতে পানি হ্রাস পেয়েছে। পর্যবেক্ষণ করা ৮৬টির মধ্যে ২৮টি পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে, ৩০ টি পয়েন্টে হ্রাস পেয়েছে, ২টি পয়েন্টে অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং ১০টি পয়েন্টে (ডেমরার বালু নদীতে, নারায়ণগঞ্জের লক্ষ্যায়, রেকাবি বাজারে ধলেশ্বরীতে, ভাগ্যকূল ও গোয়ালন্দে পদ্মা নদীতে, কানাইঘাটে সুরমায়, আমলশিদ ও শেওলায় কুশিয়ারায়, জারিয়াজঞ্জালে কংশ এবং চাঁদপুরে মেঘনা ) পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বিডিনিউজ ফরিদপুর প্রতিনিধি জানান, গত দু’দিনে ফরিদপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, শেষ খবর পাওয়া পর্যন্ত গোয়ালন্দ পয়েন্টে পানি ২ সেমি হ্রাস পেয়ে বিপদসীমার ১৯ সেমি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

হঠাৎ পদ্মা নদীতে পানি বৃদ্ধির ফলে ফরিদপুর সদর উপজেলার চরাঞ্চল ও সদরপুর এভং চরভদ্রাসন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়ে। ফলে ফসলের ব্যাপক ক্ষতি হয়। চর ও নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়ায় এসব এলাকার মানুষ ঘরবাড়ি থেকে উঁচু সড়ক ও শহর রক্ষা বাঁধে আশ্রয় নিয়েছে। তবে এখন পর্যন্ত বন্যার্তদের জন্যে কোনও সাহায্য পৌঁছেনি।

বিডিনিউজ সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও যমুনা নদীর পশ্চিম পাড়ে ভাঙ্গন প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

মঙ্গলবার দুপুরে পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় সদর উপজেলার শৈলবাড়ি, ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় ১শ ফুট যমুনা গর্ভে বিলীন হয়ে গেছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের সর্বশেষ অথ্যানুযায়ী জেলায় এ পর্যন্ত ৫০টি ইউনিয়নের এক লাখ ৩৯ হাজার ৮৫০ জন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই সঙ্গে ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হযেছে। মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানির উচ্চতা ছিল ১২ দশমিক ৮৬ সিমি।

বিডিনিউজ ভোলা প্রতিনিধি জানান, মেঘনার প্রবল স্রোত আর উজানের পানির স্রোতের আঘাতে ভোলা শহর রক্ষা বাঁধের কয়েকটি পয়েন্টে ফাটল দেখা দিয়েছে। অন্যদিকে, জেলার চারটি উপজেলার ১৫টি গ্রাম প্লাবনের শিকার হয়েছে। এসব অঞ্চলের প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় মানবেতর জীবন যাপন করছে।

মূল বাঁধ ভেঙ্গে যাওয়ায় গত বছর পাউবো ভোলা জেলার পাঁচটি উপজেলার প্রায় ৪০ কিমি নতুন বিকল্প বাঁধ নির্মাণ করে। কিন্তু এলাকাবাসীর অভিযোগ, নতুন ওই বাঁধে নির্মাণ ত্রুটি থাকায় জোয়ারের চাপে বিকল্প বাঁধের পাঁচটি পয়েন্ট এখন হুমকির মুখে।