দেশের সীমান্তবর্তী ১২ জেলা দিয়ে তেল পচার হচ্ছে: বিপিসি
দেশের সীমান্তবর্তী ১২টি জেলা দিয়ে তেল পাচার হচ্ছে বলে প্রাথমিকভাবে চিহ্নিত করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।
বিপিসির চেয়ারম্যান শেখ খুরশিদ আলম মঙ্গলবার তিনটি তেল বিপনন প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে জ্বালানি তেল পাচার বিষয়ে বৈঠক করেছেন।
বিপিসি সূত্র জানায়, কক্সবাজার, লক্ষ্মীপুর, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, বগুড়া, নওগাঁ, দিনাজপুর, খুলনা, সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা থেকে তেল পাচার হচ্ছে। এছাড়াও কুড়িগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়া দিয়ে তেল পাচার হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র আরও জানায় বেশিরভাগ ডিজেলই পাচার হয় রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলো দিয়ে। এ দুই বিভাগের ৪১৬টি পেট্রোল পাম্প ও ৬৭৬ জন এজেন্টের কাছে সরবরাহ করা ডিজেল ও বিভাগ দুটির জেলাসমূহের চাহিদার পরিমাণ তুলনা করে এ ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।
সূত্রটি জানায়, রাজশাহী ও খুলনা বিভাগের চাহিদার তুলনায় গত একবছরে দেড় লাখ টনেরও বেশি ডিজেল সরবরাহ করা হয়েছে। তেল বিপনন প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে ডিলার ও এজেন্টরা কার কাছে ডিজেল বিক্রি করছে, তার খোঁজ নেওয়ার জন্যে।
এ ব্যাপারে বিপিসির চেয়ারম্যান শেখ খুরশিদ আলম বিডিনিউজকে বলেছেন, তেল পাচার বিষয়ক একটি প্রতিবেদন শিগগিরই জ্বালানি মন্ত্রণালয়ে পেশ করা হবে।
বিপিসি সূত্র জানায়, পেট্রোল পাম্প ও এজেন্টগুলো তেল বিক্রেতাদের সঠিক তালিকা দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। শুধু তাই নয়, তেল পাচারের সাথে জড়িত এজেন্ট ও পেট্রোল পাম্পগুলোকে কালো তালিকাভুক্ত করে লাইসেন্স বাতিলের সুপারিশ করা হবে।
বিপিসি গত অর্থবছরে ৩৬ লাখ টনের বেশি জ্বালানি তেল আমদানি করে। এর মধ্যে ডিজেলের পরিমাণ ২২ লাখ টনের মত।
