২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জ সংঘর্ষ : জীবনের মূল্য ৫ লাখ টাকা

আশুগঞ্জে বিবদমান দুই পক্ষের এক পক্ষ সংঘর্ষে কারও প্রাণহানি ঘটলে সংশ্লিষ্ট পরিবারকে ক্ষতিপূরণ বাবদ পাঁচ লাখ টাকা প্রদানের ঘোষণা দিয়েছে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2005, 09:00 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় দু’টি মামলায় ১৫ হাজার লোককে আসামি করা হয়েছে। আসামী অজ্ঞাত রেখে পুলিশ বাদী হয়ে এই দু’টি মামলা দায়ের করে। দুদিনে গ্রেফতার হয়েছে ২৪ জন।

শুক্রবার আশুগঞ্জ উপজেলা যুবদলের সম্মেলনে শ্লোগান দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষের সূচনা হয়। সোহাগপুর ও চর চারতলা-দুই গ্রামের দুই সাধারণ সম্পাদক প্রার্থীর সমর্থকদের মধ্যে প্রথমে সংঘর্ষ বাধে এবং পড়ে তা দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে রূপ নেয়।

আশুগঞ্জ বাজার এলাকায় সোমবার সকালে বিডিআর ও দাঙ্গা পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। সেখানে ১৬ প্লাটুন বিডিআর ও দাঙ্গা পুলিশ মোতায়ন করা হয়।

আশুগঞ্জের পরিস্থিতি এখনো থমথমে। কার্যত সব কিছুই অচল। দোকান পাট খোলেনি। ব্যাংকগুলোতে লেনদেন হচ্ছে না বললেই চলে।

রোববার চর-চারতলা ইউনিয়নের বাসিন্দাদের এক সভায় ঘোষণা করা হয়, ঝগড়া করতে গিয়ে তাদের কেউ মারা গেলে তার পরিবারকে পাঁচ লাখ টাকা দেয়া হবে। উপস্থিত সূত্র জানায়, একজন জনপ্রতিনিধি ও উপজেলা বিএনপির নেতার এই ঘোষণায় সভায় তুমুল করতালি পড়ে।