২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও সাহসিকতার সাথে দায়িত্ব পালন করুন: সেনাবাহিনীর প্রতি প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ সেনাবাহিনীতে গোলন্দাজ ইউনিট ও পদাতিক ব্যাটেলিয়ন বাড়ানোর ঘোষণা দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2005, 04:35 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

তিনি কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে স্বচ্ছতা ও পদোন্নতি নীতিমালা কঠোরভাবে অনুসরণের জন্যে সেনাসদর নির্বাচনী পর্ষদকে আহবান জানান।

প্রধানমন্ত্রী সোমবার সকাল ১০টায় ঢাকা সেনানিবাসে সেনাসদর নির্বাচনী পর্ষদের সভায় প্রধান অতিথির ভাষণে একথা বলেন।

বেগম জিয়া বলেন, আমাদের সেনাবাহিনী দেশ-বিদেশে খুবই দক্ষ পেশাদার বাহিনী হিসেবে স্বীকৃতি লাভ করেছে। আপনাদের জ্ঞান ও প্রজ্ঞা, বিচার-বুদ্ধি এবং ন্যায়পরায়ণতার প্রতি আমার অবিচল আস্থা রয়েছে। অবশ্যই দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনারা সঠিক সিদ্ধান্ত নেবেন।

তিনি বলেন, ইতোমধ্যে তিনটি ব্রিগেড সদর দফতর, ছয়টি পদাতিক ব্যাটেলিয়ন, একটি মিডিয়াম রেজিম্যান্ট আর্টিলারি এবং তিনটি ব্রিগেড সিগন্যাল প্রতিষ্ঠা করা হয়েছে। শিগগির আরও তিনটি গোলন্দাজ ইউনিট, তিনটি পদাতিক ব্যাটেলিয়ন, তিনটি ফিল্ড ওয়ার্কশপ কোম্পানি এবং তিনটি ফিল্ড অ্যাম্বুলেন্স ইউনিট প্রতিষ্ঠা করা হবে।

বেগম জিয়া আরও বলেন, এর ফলে শুধু সশস্ত্র বাহিনীর শক্তি ও সামর্থ্যই বাড়বে না-বরং বাড়বে কর্মসংস্থান, পদোন্নতি ও বিদেশে শান্তি মিশনে কাজ করার সুযোগ।

প্রধানমন্ত্রী পদোন্নতিপ্রাপ্ত সেনা কর্মকর্তা ছাড়াও সেনাবাহিনীর সকল সদস্যকে নিষ্ঠা ও দায়িত্ববোধ থেকে কাজ করার আহবান জানান।

তিনি বলেন, আপনারা অবশ্যই সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও সাহসিকতার সাথে আপনাদের অর্পিত দায়িত্ব পালন করবেন। দেশের সংবিধান, গণতন্ত্র ও সার্বভৌমত্ব সুসংহত ও সুরক্ষায় সচেষ্ট থাকবেন।

প্রধানমন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেনাবাহিনীর আধুনিকায়ন, সম্প্রসারণ, উন্নয়ন ও সেনাসদস্যদের কল্যাণে যুগান্তকারী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছিলেন। শহীদ জিয়ার পথ অনুসরণ করে ১৯৯১-৯৬ পর্বে আমরা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছি।

তিনি বলেন, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় সেনাবাহিনীকে আরও যুগোপযোগী করতে বর্তমান সরকার ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

বেগম জিয়া বলেন, আপনারা স্বাধীনতা-সার্বভৌমত্ব সর্বোপরি ঐক্যের প্রতীক। আজ শুধু দেশেই নয়-আন্তর্জাতিক অঙ্গনেও সেনাবাহিনী বিশেষ মর্যাদা ও সম্মানের আসনে অধিষ্ঠিত। দেশের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, জাতীয় নির্বাচন অনুষ্ঠান ও আইন-শৃঙ্খলা রক্ষায়ও সেনাবাহিনী গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

তিনি বলেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নে সক্রিয় অবদান রেখে সন্ত্রাস ও গুরুতর অপরাধ দমনে ইতোমধ্যে আপনারা অর্জন করেছেন দেশবাসীর আস্থা ও ভালোবাসা।