ডিএনডি এলাকার জলাবদ্ধতা নিরসনে সরকারের ২৩৩ কোটি টাকার প্রকল্প
ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধ এলাকার জলাবদ্ধতা নিরসনে সরকার ২৩৩ কোটি টাকার ব্যাপক প্রকল্প হাতে নিয়েছে।
সূত্র জানায়, পানিসম্পদ মন্ত্রণালয় ইতোমধ্যেই প্রকল্পটি প্রস্তুত করে তা অনুমোদনের জন্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছে।
ডিএনডি বাঁধের অভ্যন্তরে বসবাসকারীদের অবর্ণনীয় দুর্ভোগ লাঘব করতে অন্যান্য সেবা সংগঠনের সহযোগিতায় পানিসম্পদ মন্ত্রণালয় ১,২৫৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খাল খননসহ বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে।
মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রোববার আন্তঃমন্ত্রণালয় বৈঠকে পানিসম্পদ মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ বলেন, ২৬ জুলাই থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করা হবে।
সভায় সংসদ সদস্য আলহাজ্ব সালাউদ্দিন আহমেদ, সংসদ সদস্য মুহাম্মেদ গিয়াস উদ্দিন, পানিসম্পদ সচিব মো. আব্দুল আজিজ, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক শরীফ রফিকুল ইসলাম অংশগ্রহণ করেন।
এতে আরও উপস্থিত ছিলেন, গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধি, এলজিআরডি, পাউবো, ঢাকা সিটি কর্পোরেশন, রাজউক, ঢাকা ওয়াসার কর্মকর্তাগণ, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক এবং ঢাকার জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)।
মন্ত্রী বলেন, ডিএনডি প্রকল্প এলাকার জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে ২শ’ ৩৩ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব প্রণয়ন করা হয়েছে। শিগগিরই এটি একনেকে উপস্থাপন করা হবে বলে তিনি জানান।
বৈঠকে বলা হয়, সরকারের বিভিন্ন পরিকল্পনার মধ্যে রয়েছে ডিএনডি এলাকার পানি নিষ্কাশনের জন্যে বেশি সংখ্যক পাম্প বসানো। পানি উন্নয়ন বোর্ডের স্থাপিত চারটি পাম্প ছাড়াও আরও ১০টি পাম্প এবং ওয়াসার পাঁচটিসহ আরো সাতটি পাম্প স্থাপন করার কথা বলা হয়।
এছাড়া সিমরাইল পাম্প স্টেশন ছাড়াও বুড়িগঙ্গার কাছে নতুন একটি পাম্প স্টেশন স্থাপন এবং সমগ্র ডিএনডি এলাকার জলাবদ্ধতার স্থায়ী সমাধানকল্পে একটি মাস্টার প্ল্যান প্রণয়নে সরকারের পরিকল্পনা রয়েছে বলে মন্ত্রী জানান।
