কৃষকরা সরকারী ভর্তুকি পাচ্ছে না: স্থায়ী কমিটি
কৃষকরা সরকার প্রদত্ত কৃষি ভর্তুকি পাচ্ছে না এবং মধ্যস্বত্ব ভোগীরা অনিয়মের মাধ্যমে সরকারি ভর্তুকি আত্মসাৎ করছে। কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে একথা জানানো হয়।
রোববার কমিটি’র সভাপতি আবদুল মান্নানের সভাপতিত্বে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৪তম বৈঠক সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
বৈঠকে জাতীয় পার্টির (এ) সাংসদ এবং কৃষি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য জিএম কাদের বলেন, সারের ডিলাররা কৃষকদের কাছে সার বিক্রি করছে এবং ২৫ শতাংশ সরকারি ভর্তুকি নিয়ে নিচ্ছে।
বিএনপি’র সাংসদ শফি আহমেদ চৌধুরী বলেন, সার আমদানি কারকরা ‘ওভার ইনভয়েসিং’র মাধ্যমে সার আমদানি করছে। ফলে একদিকে যেমন সারের দাম বাড়ছে, তেমনি কৃষকরাও সরকারি ভর্তুকি থেকে বঞ্চিত হচ্ছে।
কমিটির সদস্য কৃষি মন্ত্রী এম কে আনোয়ার, কৃষি প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খুররম খান চৌধুরী, গোলাম মোহাম্মদ কাদের, আলহাজ্ব শফি আহমদ চৌধুরী, শাহ সারোয়ার, মাও. আ. আজিজ এবং মো. মোতাহার হোসেন, কৃষি মন্ত্রণালয়ের সচিব কাজী আবুল কাসেমসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
