দেশ তো আর কোনও বিশেষ দলের জন্য বসে থাকতে পারে না: সিইসি
ভোটার তালিকা প্রণয়ন বিষয়ে নির্বাচন কমিশনের দেওয়া সংলাপ প্রস্তাব আওয়ামী লীগ প্রত্যাখ্যান করায় হতাশা ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজ।
তবে এরপরও সংলাপ অনুষ্ঠিত হবে জানিয়ে সিইসি রোববার মন্তব্য করেন, দেশ তো আর কোনও বিশেষ দলের জন্য বসে থাকতে পারে না।
প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজ তার কার্যালয়ে কয়েকজন সাংবাদিকের সাথে সরকারের নির্বাহী বিভাগ থেকে নির্বাচন কমিশন সচিবালয় পৃথকীকরণ, নির্বাচনী আইন সংশোধন ও ভোটার তালিকা প্রণয়নসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।
নির্বাচন কমিশনের আলোচনা প্রস্তাবকে ‘ষড়যন্ত্র’ আখ্যায়িত করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিলের বক্তব্যের প্রেক্ষিতে তার বা আওয়ামী লীগের নাম উল্লেখ না করে তিনি বলেন, দেশ তো আর কোনও বিশেষ দলের জন্য বসে থাকতে পারে না।
তিনি বলেন, আমি ষড়যন্ত্রে বিশ্বাস করি না, এমনকি যড়যন্ত্র কাকে বলে তা-ও আমার জানা নেই।
তিনি জানান, আওয়ামী লীগ জনগণের একটা বড় অংশের প্রতিনিধিত্ব করে। তাই তারা আলোচনায় অংশ নিলে ভোটার তালিকা বিষয়ে তাদের মতামত এ ব্যাপারে নির্বাচন কমিশনের মূল্যায়নকে আরও সমৃদ্ধ করতো।
নির্বাচন কমিশন সচিবালয়কে বাজেট প্রণয়ন ও নিজস্ব স্টাফ নিয়োগ দানের ক্ষমতাসহ সব বিষয়ে পূর্ণ স্বাধীনতা প্রদানের ব্যাপারে তিনি তার দৃঢ় অবস্থানের কথা ব্যক্ত করেন।
নির্বাচন কমিশনকে আরও কার্যকর করার ব্যাপারে এক প্রশ্নের জবাবে পরোক্ষ অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, সংবিধানে নির্বাচন কমিশনকে প্রচুর ক্ষমতা দেওয়া হলেও সবই আসলে বইয়ের লেখা মাত্র।
তিনি আরও বলেন, সংখ্যাগরিষ্ঠ জনগণের মতো আমারও দাবি নির্বাচন কমিশন সচিবালয়কে আলাদা করা। কেননা আমি গণতন্ত্রে বিশ্বাস করি।
এ নিয়ে তিনি সরকারের কাছে প্রস্তাব পাঠাবেন বলেও জানান।
নির্বাচনী আইন লংঘনের কারনে প্রার্থিতা বাতিল এবং ফলাফল প্রত্যাখ্যান করা হলে আইন অবমাননার বিধান পুনর্বহালের সপক্ষে মত প্রকাশ করে তিনি বলেন, এ ব্যাপারে আইন প্রণয়ন করা জাতীয় সংসদের দায়িত্ব।
তিনি এ প্রসঙ্গে সংবিধানের ৬৬(৫) ধারার কথা উল্লেখ করেন।
প্রধান নির্বাচন কমিশনার ভোটারদের জন্য আইডি কার্ড ব্যবস্থার পক্ষপাতী নন। কেননা রাজনৈতিক দলের মাস্তানদের দ্বারা আইডি কার্ডেরও অপব্যবহার হতে পারে বলে মনে করেন তিনি।
বরং এর বদলে তিনি ভোটার তালিকায় ভোটারদের ছবি সংযুক্ত করার কথা বলেছেন। বিচারপতি এমএ আজিজ বর্তমান বাস্তবতায় নির্বাচনী ব্যয়সীমা পাঁচ লাখ টাকা থেকে বাড়িয়ে পনের লাখ করার পক্ষে মত প্রকাশ করেন।
