পার্বত্য এলাকা থেকে কাঠ পরিবহনে অচল অবস্থা নিরসনের দাবি
পার্বত্য এলাকা থেকে কাঠ পরিবহনে অচল অবস্থা নিরসনের দাবি জানিয়েছে কাঠ ব্যবসায়ী কল্যাণ ফেডারেশন।
জাতীয় প্রেস ক্লাবে রোববার এক সংবাদ সম্মেলনে কাঠ ব্যবসায়ীরা অভিযোগ করেন, সরকারের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা মন্ত্রণালয়ের মাধ্যমে ঘন ঘন নীতিমালা পরিবর্তন করে জোত পারমিটসহ সকল ধরনের পারমিট ইস্যু এবং কাঠ পরিবহন বন্ধ করার হঠকারী সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে কাঠ শিল্পে অচল অবস্থা সৃষ্টি হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা মহানগর কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ আহমদ উল্লাহ বাবু। এসময় অন্যান্যের মধ্যে চিটাগং টিম্বার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলম, রাঙ্গামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লি.-এর সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক আবুল হাশেম, বান্দরবান জেলা কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর, খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি সৌখিন চাকমা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পরিবেশ ও বন মন্ত্রণালয় থেকে গত আটমাস ধরে পার্বত্য এলাকার বন বিভাগ থেকে কাঠ পরিবহনের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করায় এ অচল অবস্থার সৃষ্টি হয়েছে।
এর নিরসন করা না হলে করাত কল মালিক-শ্রমিক, কাঠ মিস্ত্রি, আসবাবপত্র ব্যবসায়ীসহ কাঠ ব্যবসার সাথে প্রতক্ষ্য ও পরোক্ষভাবে জড়িত প্রায় এক কোটি লোক কর্মসংস্থান হারাবে।
কাঠ ব্যবসায় বর্তমানে বিনিয়োগ রয়েছে ১০০০ কোটি টাকার মত। এ খাত থেকে বর্তমানে সরকার প্রতি বছর কোটি কোটি টাকা রাজস্ব পাচ্ছে।
সরকার কাঠ পরিবহন ও নিজস্ব ভূমি থেকে কাঠ কাটা বন্ধ করার মধ্য দিয়ে তাদের মৌলিক অধিকার হরণ করেছে। এবং এতে তাদের জীবিকা হুমকির সম্মুখিন হচ্ছে।
