২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিটফোর্ড হাসপাতালে পানি সরবরাহ বন্ধ

সরবরাহ লাইনে সমস্যার কারণে ছয় ঘন্টা পানি সরবরাহ বন্ধ থাকায় রোববার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হসপিটালে (মিটফোর্ড হাসপাতাল) চিকিৎসাধীন শত শত রোগি সীমাহীন দুর্ভোগে পড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2005, 02:10 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

দুপুর সাড়ে ১২টায় পানি সরবরাহ শুরু হয়।

সরেজমিন হাসপাতালে ঘুরে দেখা যায়, হাত-মুখ ধোয়া থেকে শুরু করে প্রাকৃতিক কাজ সারতে পর্যন্ত রোগিদের বোতলে ভরা মিনারেল ওয়াটার কিনে ব্যবহার করতে হয়। পানি কেনার সামর্থ্য নেই চিকিৎসাধীন এমন রোগিরা ভোগ করেন অবর্ণনীয় দূর্ভোগ।

হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা যায়, অনেক রোগিই ঘুম থেকে উঠে হাত-মুখ না ধুয়েই সকালের নাস্তা করছেন। কেউবা বসে আছেন কখন পানি আসবে।

মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রোগি হাসমত আলী বিডিনিউজ প্রতিবেদককে জানান, ছয় ঘন্টা (সকাল ৬টা থেকে সোয়া ১২টা পর্যন্ত) হাসপাতালে এক ফোটাও পানি নেই। আমরা খুব কষ্টে আছি। হাত-মুখ ধুতে পারছি না। এমনকি টয়লেটেও যেতে পারছি না।

সবচেয়ে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে নারী, শিশু ও বয়স্ক রোগিদের।

একজন মহিলা রোগি ক্ষোভের সাথে জানান, সকালে পানির অভাবে বোতলে কেনা পানি দিয়েই টয়লেটের কাজ সারতে হয়েছে।

“দুস্থ মহিলা রোগিদের দুর্ভোগের কথা ভাবুন তো? ” ক্ষোভের সাথে বলেন তিনি ।

হাসপাতালের ডাক্তারদের কেন্টিন ঘুরে দেখা যায়, অনেক ডাক্তারই সকালের নাস্তা সেরে তরল পানীয় কোক বা মিনারেল ওয়াটার পান করছেন। কয়েকজন ডাক্তারকে ওই পানি দিয়েই হাত মুখ ধুতে দেখা যায়।

ভোর থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত একটানা পানি সরবরাহ বন্ধ থাকলেও হাসপাতালের পরিচালককে পাওয়া যায়নি।

উপ পরিচালক সুনীল কুমার দাস এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, হাসপাতালে পানি সরবরাহ নেই তা তিনি জানতেন না।

তিনি বলেন, এই হাসপাতালে প্রায়ই পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন ধরেই এ ধরণের সমস্যার মুখোমুখি তারা হচ্ছেন। এছাড়া হাসপাতালের লিফটও প্রায়ই নষ্ট হয়ে যায়।

“পানি সমস্যার ব্যাপারে অতীতে যথাযথ কর্তৃপক্ষকে বারবার বলা হলেও দীর্ঘমেয়াদী সমাধান হয়নি,” বলেন সুনীল কুমার দাস।