আহছানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে দান আয়কর মুক্ত, যেকোনো অংকে দানের আহ্বান
আহছানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে প্রদত্ত দান আয়কর মুক্ত জানিয়ে সর্বসাধারণকে যে কোন অংকে দান করার আহবান জানিয়েছে আহছানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল কর্তৃপক্ষ।
জাতীয় প্রেস ক্লাবে রোববার এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ৭ জুলাই আয়কর রেয়াত সংক্রান্ত সিদ্ধান্তের প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আহছানিয়া মিশনের প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কাজী রফিকুল আলম। এসময় আরও বক্তব্য রাখেন, জাতীয় অধ্যাপক এমআর খান, আইন কমিশনের সদস্য ড. এনামুল হক এবং আহছানিয়া মিশন ক্যান্সার হাসপাতালের পরিচালক ডা. এমএ হাই প্রমুখ।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, হাসপাতাল নির্মাণে সহায়তা হিসেবে অর্থ, আসবাবপত্র এবং অন্যান্য সহায়ক উপকরণ গ্রহণ করা হবে। দাতাদের দেওয়া জিনিসপত্রে তাদের নাম লেখা থাকবে।
বাংলাদেশে ১০ লাখ লোক ক্যান্সারে আক্রান্ত। প্রতি বছর প্রায় দু লাখ লোক নতুন করে আক্রান্ত হয়। কিন্তু দেশে ক্যান্সারের চিকিৎসা সুবিধা অত্যন্ত সীমিত।
