২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাঠ পাচারে জড়িত থাকার অভিযোগে কক্সবাজারের ৩ বন কর্মকর্তা-কর্মচারি সাসপেন্ড

চট্টগ্রামে গত দু’মাস আগে চোরাই কাঠসহ ট্রাক আটকের পর কাঠ পাচার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে কক্সবাজার বনবিভাগের ৩ কর্মকর্তা কর্মচারিকে সাসপেন্ড করা হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2005, 12:30 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

সূত্র জানায়, চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক আবদুল মোত্তালেব কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে স্থাপিত বন বিভাগের চেক স্টেশনগুলোর ডিউটি রেজিষ্ট্রার তলব করে ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত হয়ে এই তিন বন কর্মকর্তা-কর্মচারির বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ও উত্তর বন বিভাগের ডিএফও এই আদেশ কার্যকর করেছেন।

সাময়িকভাবে সাসপেন্ড করা তিন কর্মকর্তা-কর্মচারি হলেন কক্সবাজার শহরের কস্তুরাঘাট চেক স্টেশনের কর্মকর্তা ও লোডিং পয়েন্টের ইন্সপেক্টর এমদাদুল হক, রামু রাবার বাগান চেক স্টেশনের কর্মচারি আকবর হোসেন এবং একই বিভাগের নলবিলা বন পরীক্ষণ ফাঁড়ির কর্মকর্তা খোরশেদ আলম।

২৩ জুলাই থেকে ওই কর্মকর্তা কর্মচারিদের চাকরি থেকে সাময়িক সাসপেন্ডের আদেশ কার্যকর করা হয়েছে বলে দায়িত্বশীল সূত্রে জানা গেছে।