২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যা পরিস্থিতি: কোথাও উন্নতি, কোথাও অবনতি, ভাঙ্গন, অন্তত ৪ জনের মৃত্যু

কয়েকটি এলাকায় পানি কমলেও দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বাঁধ ও নদী ভাঙ্গা বেড়েছে। পানিতে ডুবে ও সাপের কামড়ে মোট অন্তত চার জনের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2005, 08:37 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

বিডিনিউজ’র গাইবান্ধা প্রতিনিধি জানান, উজান থেকে নেমে আসা পানির ঢলে ঘাঘট ও করতোয়া নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় শনিবার গাইবান্ধার গোবিন্ধগঞ্জ ও সাদুল্যাপুর উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। বন্যার পানিতে মহিমাগঞ্জের আইনুল হকের ছেলে হেলাল (২) এবং সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটের আখিয়ার নদীতে নৌকায় চড়ে দামাদামি গ্রামে যাওয়ার পথে নৌকাডুবে শরিয়তপুরের সুমন (১২) নামে এক কিশোর মারা গেছে।

এদিকে, ঘাঘট নদীর তীব্র স্রোতে গাইবান্ধা শহর রক্ষা বাঁধে মারাত্মক ভাঙন দেখা দেওয়ায় জনমনে চরম আতংক বিরাজ করছে। ভাঙন কবলিত এলাকায় প্রতিরোধমূলক কাজ চলছে এবং সেখানে পুলিশ পাহারার ব্যবস্থাসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা সার্বক্ষনিক তদারকি চালিয়ে যাচ্ছেন।

এবারের বন্যায় ২২ কিলোমিটার গাইবান্ধা শহর রক্ষা বাঁধের ডেভিড কোম্পানিপাড়া, পূর্বকোমরনই, গোদারহাটের মন্ডলপাড়া, কুঠিপাড়া, কাজলঢোপ, নারায়ণপুর, খোলাবাড়ীসহ সাতটি পয়েন্টে মারাত্মক ভাঙনে শহর রক্ষা বাঁধটি বিপন্ন হয়ে পড়েছে। ফলে গোটা শহর বন্যা কবলিত হওয়ার আশংকায় শহরবাসী শংকিত।

এদিকে গত ২৪ ঘন্টায় ঘাঘট ও করতোয়া নদীর পানি আরও বৃদ্ধি পেয়েছে। এর ফলে ঘাঘট নদীর পানি এখন বিপদ সীমার ১ দশমিক ১১ সেমি এবং করতোয়া নদীর পানি ৫১ সেমি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই দুই নদীর বাঁধভাঙ্গা বন্যায় গোবিন্দগঞ্জ ও সাদুল্যাপুর উপজেলায় বন্যা কবলিত গোবিন্দগঞ্জ পৌর এলাকাসহ সাতটি ইউনিয়নের ২৫টি গ্রামের জলাবদ্ধতা দেখা দেয়ায় ১৬ হাজার পরিবার এখন দুর্ভোগের শিকার।

আমাদের কুড়িগ্রাম প্রতিনিধি জানান, কুড়িগ্রাম জেলার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। জেলার উপর দিয়ে প্রবাহিত ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকমারসহ ১৫টির নদ-নদীর পানি কমার সাথে সাথে শুরু হয়েছে প্রবল ভাঙ্গন। বন্যার পানি নেমে যাবার সাথে সাথে দেখা দিয়েছে ডায়রিয়া। সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ২৪ ঘন্টায় জেলায় ডায়রিয়া আক্রান্ত হয়েছে তিন শতাধিক মানুষ। তবে বেসরকারী প্রাপ্ত তথ্য মতে জেলায় ডায়রিয়া আক্রান্তের সংখ্যা দুই হাজারেরও বেশি।

অপর দিকে, ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকমার ও জিঞ্জিরাম নদীর প্রবল ভাঙ্গনে ২৪ ঘন্টায় কুড়িগ্রাম সদর, চিলমারী, উলিপুর, রৌমারী, ও রাজারহাট উপজেলায় দু’শতাধিক পরিবার ভেটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে এখন মানবেতর জীবন-যাপন করছে।

মানিজগঞ্জ প্রতিনিধি জানান, যমুনা নদীর আরিচা পয়েন্টে গত ২৪ ঘন্টায় ৮ সেমি পানি বৃদ্ধি পাওয়ায় শনিবার এ পয়েন্টে পানি বিপদসীমার ১৫ সেমি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়া কালিগঙ্গা, ধলেশ্বরী, ইছামতি নদীর পানিও প্রতিদিন হুহু করে বাড়ছে। ইতোমধ্যে বেশ কয়েকটি গ্রাম বন্যাকবলিত হয়ে পড়েছে। পানিবন্দি হয়ে পড়েছে চরাঞ্চলের হাজার হাজার মানুষ।

এদিকে পানি বৃদ্ধির সাথে সাথে নদী তীরবর্তী এলাকায় ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে।

হরিরামপুর উপজেলার রঘুনাথপুর আশ্রায়ন প্রকল্পের ১০০টি পরিবার এখন আতংকের মধ্যে দিন কাটাচ্ছেন। পদ্মায় বিলীন হওয়ার আশংকায় ওই আশ্রায়ন প্রকল্পের ১০টি ব্যারাক সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে। যমুনার ভাঙ্গনে শিবালয় ও দৌলতপুর উপজেলার ১০টি গ্রামের সহস্রাধিক পরিবার এখন গৃহহীন।

ইতোমধ্যে ঘিওর ডিএন পাইলট উচ্চ বিদ্যালয়ের অধিকাংশ ধলেশ্বরী নদীতে বিলীন হয়ে গেছে। এছাড়া ঘিওর সরকারি কলেজ, পশু হাসপাতাল মোড়, কোস্তা, কামারজাগি, চর মির্জাপুর ও জাবরা এলাকায় ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গন কবলিত এলাকার লোকজন স্থানীয় বেড়িবাঁধ, রাস্তা ও উঁচু স্থানে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে।

এ পর্যন্ত এসব এলাকার কোথাও সরকারি অথবা বেসরকারি উদ্যোগে এাণ সামগ্রী পৌঁছেনি।

খুলনা প্রতিনিধি জানিয়েছেন, জেলার বটিয়াঘাটা উপজেলার বাজার রক্ষা বাঁধ তলিয়ে এলাকার প্রায় পাঁচ শতাধিক ঘর-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও ছোট ছোট মিল কারখানা তলিয়ে গেছে। এলাকার মানুষ পরিবার পরিজন নিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।

এদিকে শুক্রবার রাতে একই উপজেলার পুটিমারী আলুতলা ওয়াপদা বেড়িবাঁধে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। বাঁধের মধ্যে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। দ্রুত সংস্কার করা না হলে যেকোনও মুহূর্তে বটিয়াঘাটা উপজেলাসহ জেলার অনেক এলাকা পানিতে তলিয়ে যেতে পারে।

স্থানীয় ইউপি সদস্য বিকাশ হিরা অভিযোগ করে বলেন, পানি উন্নয়ন বোর্ড খুলনার নির্বাহী প্রকৌশলীর কাছে গত ১৫ জুলাই সৃষ্ট গর্তটি সংস্কারের আবেদন জানালেও পানি উন্নয়ন বোর্ড বিষয়টিকে তখন গুরুত্ব দেয়নি। ফলে গর্তটি বিশাল আকার ধারণ করেছে।

নওগাঁয় বন্যা পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে বলে জানিয়েছেন আমাদের নওগাঁ প্রতিনিধি। তিনি জানান, গত ২৪ ঘন্টায় পানি কমে যাওয়ায় জেলার যমুনা ও আত্রাই নদীর পানি বিপদসীমার নিচে নেমে গেছে।

এদিকে, বন্যার সময় মান্দা উপজেলার বিষ্ণুপুর ও কয়লাবাড়ি গ্রামের যেসব পরিবার বাাঁধে আশ্রয় নিয়েছিল, শনিবার পানি নেমে যাওয়ায় তাদের অর্ধশহ পরিবার নিজ নিজ বাড়িতে ফিরে গেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, জেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। যমুনা নদীর পানি ৫ সেমি কমলেও ইছামতি, ফুলজোড়, দইভাঙা, হুড়াসাগর, বড়ালসহ জেলার অভ্যন্তরীণ নদী ও শাখানদীসমূহের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।

বন্যার পানিতে ডুবে শনিবার কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের হামিদা (৪১) নামের এক গৃহবধূ এবং সাপের কামড়ে রায়গঞ্জ উপজেলার নিমগাছি ইউনিয়নের জহুরুল (১৫) এক কিশোর মারা গেছে।

এদিকে, সদর উপজেলার শৈলাবাড়ি থেকে হাটবয়ড়া হয়ে পাচিল পর্যন্ত পাঁচ কিমি রিংবাঁধটির বিভিন্ন অংশে ধস দেখা দিয়েছে। বাঁধটি রক্ষা করতে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বালির বস্তা ফেললেও এখনও ভেঙে যাওয়ার ঝুঁকি রয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, জেলায় গত ২৪ ঘন্টায় পদ্মার পানি ৭ সেমি বৃদ্ধি পেয়ে এখন বিপদসীমার ২১ সেমি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর এসময় ধলেশ্বরীতে বেড়েছে ১৩ সেমি পানি। তবে এখনও এ নদীর পানি বিপদসীমার সাত সেমি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার নিম্নাঞ্চলগুলো ইতোমধ্যে প্লাবিত হয়েছে। এর ফলে সেখানকার মানুষরা এখন পানিবন্দি জীবনযাপন করছে।