২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটিশ মুসলিমদের বেশিরভাগই উগ্রবাদ সমর্থন করে না

ডেইলি টেলিগ্রাফ ব্রিটিশ মুসলিমদের ওপর এক জরীপ চালিয়েছে, যার ফলাফল একদিকে উদ্বেগজনক, অপরদিকে আশাবঞ্জ্যক।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2005, 05:00 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

বেশিরভাগ ব্রিটিশ মুসলিম লন্ডনে বোমা হামলার নিন্দা জানিয়েছে। তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং নীতিগতভাবে চরমপন্থাকে সমর্থন করেনা।

টেলিগ্রাফের ‘ইউগভ’ লন্ডনে বোমা হামলা বিষয়ে ব্রিটিশ মুসলিম সম্প্রদায়ের ওপর এ জরীপ চালায়। এতে দেখা যায়, শতকরা ৮৮ ভাগ কোনভাবেই বাস এবং পাতাল রেলে হত্যাকান্ড সমর্থন করে না।

অন্যদিকে ছয় ভাগ বা এক লাখ লোক এ বোমা হামলা যথার্থ বলে মনে করে।

আক্রমনকারীদের প্রতি সহানুভুতি থাক কিংবা না থাক, ৫৬ শতাংশ লোক বলেন যে, তারা এটি ঠিকই বুঝতে পারছেন, কেন কিছু লোক এমন কর্মকান্ড চালাচ্ছে।

এ মত পোষনকারীদের বেশিরভাগই বলেন যে, সমাজের কোনও পরিবর্তন আনতে মুসলিমদের অহিংস পথ অনুসরণ করা উচিত। কিন্তু এক শতাংশ বা ১৬ হাজার লোক সহিংসতার পথ অনুসরনে উৎসুক ও আগ্রহী বলে জানায়।

জরীপে দেখা গেছে, মুসলিম পুরুষরা নারীদের তুলনায় এবং যুবকরা বৃদ্ধদের তুলনায় বেশিমাত্রায় মূলধারা থেকে বিচ্ছিন্ন।

বেশিরভাগ মুসলিমই মনে করেন যে, একদিন এমন সময় আসবে যখন মুসলিমরা কাধে কাধ মিলিয়ে সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধে কাজ করবে।

জরীপের তিন চতুর্থাংশ মুসলিম জানান, তাদের আশপাশে বা তাদের জানা মতে যদি এমন কেউ থাকে যে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে, তাহলে তারা পুলিশে খবর দেবেন।

প্রায় অর্ধেক বা ৪৭ শতাংশ লোক জানান যে, যদি তাদের জানা মতে কোনও ইমাম বা ধর্মীয় নেতা পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে যুবক সম্প্রদায়কে চরপন্থি মতবাদে প্ররোচিত করে, তাহলে তারা পুলিশে খবর দেবেন।

মোট ৭০ শতাংশ মুসলিম মনে করেন যে, যদি তারা তাদের সম্প্রদায়ের মধ্যে কোনও সন্দেহজনক কার্যকলাপ দেখতে পান, তাহলে পুলিশকে তা জানানো উচিৎ।

ইউগভ ১৫-২২ জুলাই অনলাইনে গোটা যুক্তরাজ্যে ৫২৬ জন মুসলিমের সাক্ষাৎকার নেয়।