২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের প্রথম মহিলা ‘কাজী’কে বাদ দিতে হাইকোর্টের অস্বীকৃতি

কোলকাতা হাইকোর্ট মুসলিম বিয়ে নিবন্ধনকারী (এমএমআর) বা কাজী’র পদ থেকে এক মুসলিম মহিলার নিয়োগ বাতিলে অস্বীকৃতি জানিয়েছে। শুক্রবার কোলকাতা হাইকোর্ট বিষয়টি নিষ্পত্তির জন্য নিবন্ধক বিষয়ক মহাপরিদর্শক (জুডিশিয়াল)-এর কাছে হস্তান্তর করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

পার্থ মুখোপাধ্যায়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2005, 03:00 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

গত বছর পশ্চিমবঙ্গের মিদনাপুর জেলার নন্দিগ্রামে শবনম আরা বেগম ভারতের প্রথম মুসলিম মহিলা কাজী হিসেবে কাজে যোগদান করেন। কিন্তু সম্প্রতি ওই পদে আসতে আগ্রহী মোজাম্মেল হোসেন অভিযোগ করেছেন, ইসলামিক আইনের আওতায় কোন মহিলা কাজী পদে নিয়োগ পাওয়ার যোগ্য নয়।

হাইকোর্টের বিচারপতি গিরীশ চন্দ্র গুপ্ত বিষয়টি নিবন্ধক বিষয়ক মহাপরিদর্শকের কাছে

হস্তান্তরের ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রদান করেননি। উল্লেখ্য যে, আইজিআর (জুডিশিয়াল) কোর্ট বেগম শবনম আরাকে প্রথম মহিলা কাজী হিসেবে নিয়োগ দেন।

একই পদে দায়িত্ব পালনকারী শবনম আরার পিতা ২০০৩ সালে মারা যাওয়ার পর উত্তরাধিকার হিসেবে শবনম আরাকে কাজী হিসেবে নিয়োগ দেয়া হয়। বেশ কয়েক বছর শবনম তার বাবার ডেপুটি হিসেবে কাজ করেন।

আইজিআর জুডিশিয়ালের একজন কর্মকর্তা বলেন, শবনম আরা কাজী পদে নিজেকে উপযুক্ত প্রার্থী বলে উল্লেখ করে যুক্তিতর্ক উপস্থাপিত করেন। এর ফলে আমরা তাকে কাজী পদে নিয়োগ দিতে বাধ্য হই।

শবনব আরা নন্দিগ্রামের কাজী হিসেবে নিয়োগ পাওয়ার পর ওই পদে যোগদানে আগ্রহী মোজাম্মেল হোসেন তার নিয়োগের ব্যাপক বিরোধিতা জানায়। আইজিআর (জুডিশিয়াল) মোজাম্মেল হোসেনের প্রস্তাব প্রত্যাখ্যান করলে মোজাম্মেল হাইকোর্টে রিট পিটিশন দায়ের করে। মোজাম্মেল পিটিশনে জানায়, শরীয়া ও মসলিম আইনে কাজী হিসেবে মহিলার নিয়োগ বৈধ নয়। তিনি বলেন, নন্দিগ্রামের কাজী হওয়ার মত তার সব ধরনের যোগ্যতা রয়েছে।

হাইকোর্টে শবনমের আইনজীবী সাইফুদ্দিন আহমেদ বলেন, ভারতীয় আইনে কাজী হিসেবে মহিলাদের নিয়োগের ব্যাপারে কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই। শরীয়া নারীদের কাজ থেকে বিরত থাকার আদেশ দেয়নি। আজকের যুগে ইসলামিক আইনের আওতায় অনেক নারীই তাদের অধিকারের জন্য লড়াই করছে। মহিলা হিসেবে তাকে ওই পদ পাওয়ার অযোগ্য বলে সিদ্ধান্ত নেয়া হলে তা হবে ভারতীয় আইনের চরম বরখেলাপ।

শবনমের আইনজীবী হাইকোর্টে আরো যুক্তিতর্ক দেখান যে, মুসলমান নারীরা যেখানে উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাচ্ছে এবং তাদের পরিবারকে সাহায্য সহযোগিতা করছে সেখানে কাজী হিসেবে মহিলাদের নিয়োগ নিয়ে চ্যালেঞ্জ রীতিমত বিস্ময়কর। দুপক্ষের আইনজীবীর যুক্তিতর্ক শুনে হাইকোর্টের বিচারক আইজিআর (জুডিশিয়াল) এ সংক্রান্ত নির্দেশ দেন।

মুসলিম আইন বিশেষজ্ঞরা বলেন, বিষয়টি মুসলিম আইনের আওতায় হলেও কাজী হিসেবে মহিলাদের নিয়োগের ব্যাপারে কোন বাধা নেই।