বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিপিসি‘র পাওনা ৫৯২ দশমিক ৫১ কোটি টাকা
বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) ৫৯২ দশমিক ৫১ কোটি টাকা পাওনা রয়েছে।
এরমধ্যে শুধু মাত্র বাংলাদেশ বিমানের কাছে পাওনার পরিমাণ ৪৬৯ দশমিক ৫৮ কোটি টাকা।
বিপিসি সূত্র জানায়, গত ৩০ জুন পর্যন্ত বিমান ছাড়াও দীর্ঘ দিন ধরে বিদ্যুৎ বিভাগের কাছে ৭২ দশমিক ৯৬ কোটি, প্রতিরক্ষা বিভাগের কাছে ২৭ দশমিক ৫৫ কোটি, বিসিআইসির কাছে ২০ দশমিক ২৪ কোটি ও অন্যান্য প্রতিষ্ঠানের কাছে দুই দশমিক ১৮ কোটি টাকা বকেয়া পড়ে আছে ।
সূত্র আরও জানায়, এই অর্থ আদায় সম্ভব হলে বিপিসি‘র লোকসানও কমতো, ঋণের পরিমাণও কমতো।
বিপিসি‘র পরিচালক (অর্থ) মোহাম্মদ ইছহাক বিডিনিউজকে জানান, আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বিপিসি‘র পাওনা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু এই নির্দেশ কেউ পুরোপুরি পালন করছে না।
আন্তঃমন্ত্রণালয়ের নির্দেশ ছাড়াও বিপিসি‘র পক্ষ থেকে প্রতি মাসে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পাওনা পরিশোধের জন্য চিঠি দেওয়া হয়।
জানা যায়, বাংলাদেশ বিমান ছাড়া অন্যান্য প্রতিষ্ঠান পাওনা পরিশোধে সন্তোষজনক ভূমিকা রাখছে।
বাংলাদেশ বিমানের কাছে বিপুল পরিমাণ পাওনা প্রসঙ্গে বিপিসি সূত্র জানায়, রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানকে সরকারের বিশেষ নির্দেশনায় জ্বালানি সরবরাহ করা হচ্ছে। তারপরও পাওনা পরিশোধে ব্যর্থ হওয়ার কারণে গত এক বছরে দুই বার বিমানকে জ্বালানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছিল।
বিপিসি‘র অঙ্গ সংগঠন বিপননকারী প্রতিষ্ঠান ‘পদ্মা’ বাংলাদেশ বিমানকে জেট ফুয়েলসহ অন্যান্য জ্বালানি সরবরাহ করে থাকে।
বিপিসি বর্তমানে ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) সহায়তায় মধ্যপ্রাচ্য ও ভারত থেকে জ্বালানি তেল ক্রয় করে থাকে।
সর্বশেষ আইডিবি বিপিসি-কে ছয়শ‘ কোটি টাকা ঋণ মঞ্জুর করেছে।
২০০৩-২০০৪ অর্থ বছরে বিপিসি লোকসান দিয়েছে ৯৪২ কোটি টাকা।
২০০৪-২০০৫ অর্থ বছরে এই লোকসানের পরিমান দেড় হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে বিশেষজ্ঞ মহলের ধারনা।
