পৃষ্ঠপোষকতার অভাবে বিলুপ্তির পথে সিলেটের আতর শিল্প
পৃষ্ঠপোষকতার অভাবে বৃহত্তর সিলেট থেকে আতর শিল্পের বিলুপ্তি ঘটতে শুরু করেছে। এর ফলে এ শিল্পের সাথে জড়িত ২৩ হাজার মানুষের জীবিকা নির্বাহে স্থবিরতা দেখা দিয়েছে।
জানা যায়, মোঘল আমল থেকে এদেশে আতর শিল্প গড়ে ওঠে। পরে ধীরে ধীরে এর ব্যবহার ও প্রসার বাড়ে।
মধ্যপ্রাচ্যের ধর্ণাঢ্য সৌখিন আরবীয়রাই আতরের প্রধান ক্রেতা।
আগর নামের একটি গাছ থেকে আতর তৈরি হয়ে থাকে। এ কারণে এই আতরকে আগর আতরও বলা হয়ে থাকে। এক তোলা খাঁটি আগর আতরের মূল্য এখন ২০-২৫ হাজার টাকা। বর্তমান সময়ে কৃত্রিম রাসায়নিক দ্রব্য দিয়ে সুগন্ধি তৈরি হলেও প্রাকৃতিকভাবে প্রাপ্ত আগর আতরের চাহিদা সর্বোচ্চ।
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সুজানগর, পাথারিয়া এলাকায় এখনও প্রচুর আগর আতর গাছ দেখা যায়। বাড়ির আঙ্গিনায় চারা বড় হয় কোন যত্ন ছাড়াই।
দেশজ চোলাই পদ্ধতিতে ডেগচি বসিয়ে আগর সংগ্রহ করা হয়। আগর কাঠের রং সাদা এবং নরম। গাছের পূর্ণতা প্রাপ্তির পর কাঠের ভিতরে ছত্রাক জাতীয় এক প্রকার সাদা অংশ থেকে আলাদা করে নির্যাস আহরণ করা হয়। এই নির্যাসই আগর আতর।
এই এলাকার বহু মানুষ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আগর আতর ব্যবসার সাথে জড়িত। এ অঞ্চলের আগর মানের দিক থেকে উন্নত হওয়ার কারণে ব্যবসায়ীরা স্থানীয়ভাবে এটাকে শিল্প হিসাবে গড়ে তোলে।
স্থানীয় অধিবাসী আব্দুল মান্নান এ শিল্পের ঐতিহ্য ও বর্তমান সমস্যা সম্পর্কে বিডিনিউজকে বলেন, পাকিস্তান আমল থেকে ধীরে ধীরে মূল্যবান আগর গাছ বিলুপ্তি হতে চলেছে। সুষ্ঠু পরিকল্পনা ও পৃষ্টপোষকতার অভাবে অধিকাংশ ব্যবসায়ী আসামে গিয়ে আগরের উৎপাদন ও আহরণে নিয়োজিত হয়েছেন। অনেকে আবার স্থানীয়ভাবে আগর আমদানি করে এ শিল্পের সাথে জড়িত রয়েছেন। উচ্চ মূল্যের আগর আমদানি করে এই শিল্পটি বিশ্ব বাজারের প্রতিযোগিতায় টিকতে পারছে না।
