ছেলের খুনীদের গ্রেফতার ও বিচারে প্রধানমন্ত্রীর কাছে লিটনের মায়ের দাবি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিহত ছাত্রদল নেতা মো. রফিকুল ইসলাম পাটোয়ারী লিটনের মা অহিদুন নেছা তার সন্তানের খুনীদের গ্রেফতার ও বিচার করতে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন।
শুক্রবার ফেনী শহরে সড়ক ও জনপথ পরিদর্শন বাংলোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ দাবি জানান। সংবাদ সম্মেলনে লিটনের মায়ের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন লিটনের নানা গাজী আবুল কাশেম। এসময় অন্যান্য আত্মীয়-স্বজন ও স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।
সম্মেলনে লিটনের মা বলেন, লিটনই ছিল আমার একমাত্র অবলম্বন। তাকে ঘিরেই আমরা স্বপ্ন দেখতাম। এই নির্মম মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছি না। তিনি প্রধানমন্ত্রীর কাছে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আবেদন জানান।
এদিকে ফেনী-৩ আসনের এমপি মেজর (অবঃ) সাঈদ ইসকান্দার শুক্রবার বিকেলে ছাগলনাইয়ার শুভপুরে পাটোয়ারী বাড়িতে গিয়ে লিটনের পরিবারকে সান্তনা দেন এবং তার কবর জিয়ারত করেন।
