২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভার ডিইপিজেডএ আন্দোলনরত ১২শ’ শ্রমিকের বিরুদ্ধে মামলা দায়ের

সাভারে ডিইপিজেডে রিংসাইন টেক্সটাইলের আন্দোলনরত ১২ শতাধিক শ্রমিকের বিরুদ্ধে মালিকপক্ষ বুধবার মধ্যরাতে সাভার থানায় মামলা দায়ের করেছে। শ্রমিকরা এ মামলা হয়রানিমূলক বলে অভিযোগ করেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2005, 08:45 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

আন্দোলনরত শ্রমিকরা যাতে তাদের দাবি দাওয়া নিয়ে প্রশাসনিক দপ্তরে প্রবেশ করতে না পারে সেজন্যে পুলিশ তালাবদ্ধ রিংসাইন ফ্যাক্টরি ঘেরাও করে রেখেছে।

পুলিশ ও শ্রমিকরা জানায়, রিংসাইন টেক্সটাইল মিলস-২ এর ফিনিশিং ইনচার্জ কিওজি কুইন গত সপ্তাহে কর্মরত শ্রমিকদের কাজের মান নিয়ে অকথ্য ভাষায় বকাঝকা করে।

এক পর্যায়ে বিক্ষুদ্ধ শ্রমিকরা কিওজি কুইনসহ চার কর্মকর্তাকে মারধর করে গুরুতর জখম করে। এরপর কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করে। এ ঘটনায় ম্যানেজার আনিসুর রহমান বাদি হয়ে ৩৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করলে পুলিশ লাভলি(২২) ও সোহেল (২০) নামের দুই শ্রমিককে গ্রেফতার করে। পরে বুধবার শ্রমিকরা কাজের উদ্দেশ্যে ফ্যাক্টরিতে গেলে পুলিশের লাঠিচার্জে শতাধিক শ্রমিক আহত হয়। এতে পুলিশ মালিকপক্ষের কথামত ১২ শতাধিক শ্রমিককে আসামি করে মামলা দায়ের করে।

শ্রমিক ফেডারেশন সভাপতি রফিকুল ইসলাম সুজন জানান, মালিকপক্ষের একগুঁয়ে সিদ্ধান্তে ফ্যাক্টরির প্রায় ৫ হাজার শ্রমিক বেকার হয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে। ফেডারেশনের মহিলা নেত্রী জুলেখা আক্তার জানান, ফ্যাক্টরিগুলোতে নারী ও শিশু শ্রমিদের অধিকারের মারাত্মক লংঘন করা হচ্ছে তবে এ সংক্রান্ত দায়িত্বশীল বিভাগ কোনও পদক্ষেপ নিচ্ছেনা।

এ ব্যাপারে ওসি তারিক কামাল বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে ও পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।