আরপিসিএল ঘটনা নিয়ে থানায় পাল্টাপাল্টি ডায়েরি
রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল) এর ধানমন্ডি কার্যালয়ে বুধবার সংঘটিত ঘটনার দায় একে অপরের উপর চাপিয়ে থানায় পাল্টাপাল্টি ডায়েরি করেছেন কোম্পানির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ইসমত আলম এবং পরিচালক (কারিগরি) মোঃ জহুরুল ইসলাম খান।
বৃহস্পতিবার ধানমন্ডি থানায় দায়ের করা এক সাধারণ ডায়েরিতে পরিচালক (কারিগরি) উল্লেখ করেন, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের সহায়তায় বহিরাগত সন্ত্রাসীরা আরপিসিএল অফিস দখলের চেষ্টা চালায়।
এই থানায় অপর এক ডায়েরিতে আরপিসিএল এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক বলেন, পরিচালক (কারিগরি) সন্ত্রাসীদের এনে আরপিসিএল কার্যালয়ে অরাজক পরিস্থিতির সৃষ্টি করে। পরে বিষয়টি প্রকাশ হয়ে পড়ায় নিজেকে রক্ষা করার স্বার্থে তিনি ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের উপর দোষ চাপিয়ে থানায় ডায়েরি করেছেন।
আরপিসিএল এর বোর্ড সভাকে কেন্দ্র্র করে বুধবার এর ধানমন্ডি কার্যালয় উত্তপ্ত হয়ে উঠে। পরিচালনা পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসহাক মোল্লা দাবি করেন, তারা আদালতের আদেশ নিয়ে বোর্ড সভা করতে গিয়েছিলেন। কিন্তু পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) কর্তৃপক্ষের নির্দেশে তাদের অফিসে ঢুকতে এবং সভা করতে বাধা দেয়া হয় যা আদালত অবমাননার শামিল।
আরইবি এবং পাঁচটি পল্লী বিদ্যুত সমিতিকে (পিবিএস) শেয়ার হোল্ডার করে ১৯৯৪ সালে আরপিসিএল গঠন করা হয়। তখন এর ঋণদানকারী হিসেবে এশীয় উন্নয়ন ব্যাংক এবং সরকারের শর্ত ছিলো এই
কোম্পানি থেকে আরইবি’র প্রারম্ভি¢ক পর্যায়ের ৫১ শতাংশ শেয়ার পর্যায়ক্রমে সংশ্লিষ্ট পিবিএসগুলোর কাছে বিক্রি করে দিতে হবে।
আরইবি’র সর্বশেষ ১৮ শতাংশ শেয়ার গত ১৮ এপ্রিল ঢাকা ১ ও নরসিংদী ১ পিবিএস এর কাছে বিক্রি করা হয়। এতে আরপিসিএল এর পুরো মালিকানা পিবিএস এর কাছে চলে যায়। এই পর্যায়ে নরসিংদী ১ পিবিএস এর সভাপতি আজহারুল ইসহাক মোল্লাকে কোম্পানির নতুন চেয়ারম্যান নির্বাচন করা হয়।
প্রতিষ্ঠার সময় থেকে শেয়ার হোল্ডার হিসেবে আরইবির চেয়ারম্যানই আরপিসিএলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
