জ্বালানি তেলের দাম বাড়াতে বিশ্বব্যাংকের পরামর্শ
বিশ্বব্যাংক বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে দরবৃদ্ধির সাথে তাল রেখে বাংলাদেশকে আরো একদফা জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরামর্শ দিয়েছে।
সফররত বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট প্রফুল সি প্যাটেলের সাথে বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, বিশ্বব্যাংক আমাদের তেলের দাম বাড়াতে বলেছে এবং দৈনন্দিন ভিত্তিতে তা নিয়ন্ত্রণ করতে বলেছে।
বৈঠকে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট দারিদ্র্য নিরসনে গৃহীত পদক্ষেপসহ সার্বিক উন্নয়ন কর্মসূচি ও সংস্কার কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং সুশাসন প্রতিষ্ঠাসহ সংস্কার কার্যসূচি অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
অর্থ মন্ত্রী দারিদ্র্য নিরসন কৌশলপত্রের অগ্রগতি এবং চলতি বাজেটে কর্মসূচি সম্পৃক্ত করা হয়েছে সুবাদে শীঘ্রই এখাতে বিশ্বব্যাংকের সহায়তা প্রত্যাশা করেন। তিনি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়া দ্রুততর করা, বিভিন্ন গুরুত্বপূর্ণ রেগুলেটরি কমিশন গঠন, সংগ্রহ নীতিমালা ও দূর্নীতি দমন কমিশন কার্যকরকরণ ও শীঘ্রই ন্যায়পাল নিয়োগসহ দেশের সামগ্রিক আর্থসামাজিক পরিস্থিতি সম্পর্কে তাঁকে অবহিত করেন।
সাইফুর রহমান এসময় বিশ্বব্যাংক কর্মকর্তাকে জানান আন্তর্জাতিক বাজারের সাথে খাপ খাইয়ে তেলের দাম নির্ধারণে ঢাকার সময় লাগবে।
তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশকে অতিরিক্ত ৫শ’ মিলিয়ন ডলার পরিশোধ করতে হবে।
তিনি বলেন, সরকার বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) প্রতি বছর শত শত কোটি টাকা ভর্তুকি দিয়ে থাকে। বিপিসি বছরে ৩৫০০ কোটি টাকা ক্ষতির সম্মুখীন হয়।
অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রাখতে ভারত নিয়মিত ডিজেল ও পেট্রোলের দাম পরিবর্তন করে থাকে।
সাইফুর রহমান বলেন, বিশ্বব্যাংক আমাদেরকেও একই কাজ করতে বলেছে।
মন্ত্রী বিশ্বব্যাংক কর্মকর্তাদের বলেন, আমরা এখনও ভারত ও পাকিস্তানের পর্যায়ে পৌঁছতে পারিনি। এজন্য আরও সময় দরকার। তবে পর্যায়ক্রমে এটা করার পক্ষে মত দেন অর্থমন্ত্রী।
প্রফুল সি প্যাটেল বলেন, দুর্নীতি ও দুর্বলা শাসন ব্যবস্থা দেশের উন্নয়নের গতিকে শিথিল করে দিচ্ছে।
তিনি বলেন, কিভাবে বাংলাদেশ সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করবে এবং প্রবৃদ্ধি বাড়াবে সেটাই আমাদের দেখার বিষয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ তাদের চলমান সংস্কার কর্মসূচি বজায় রাখলে এবং দুর্নীতি প্রতিরোধ করতে পারলে দেশটি আরও ভাল করবে।
প্যাটেল সংস্কারের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের দেয়া প্রতিশ্রুতি পালনের মাধ্যমে দুর্বল শাসন ব্যবস্থার উন্নয়ন সম্ভব বলে উল্লেখ করেন।
দুর্নীতি দমন কমিশন গঠনের জন্য সরকারের প্রশংসা করে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বলেন, কার্যকরভাবে কমিশনের কাজ শুরু করতে দেরি হওয়ায় তার উদ্বিগ্ন।
তিনি বলেন, আমি মনে করি দুর্নীতি দমন কমিশনের এখন থেকেই দুর্নীতির মামলা গ্রহণ করা উচিত।
সাইফুর রহমান বলেন, এটি সত্য যে আমাদের শাসন ব্যবস্থা উন্নত করতে হবে... আমরা যদি সেটা করতে পারি তাহলে প্রবৃদ্ধির হার বাড়বে এব্যাপারে আমরা নিশ্চিত।
চারদিনব্যাপী এ সফরের সময় প্রফুল সি প্যাটেল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও মন্ত্রিসভার অনেকের সাথে বৈঠক করবেন। তিনি বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত প্রকল্পসমূহ পরিদর্শন করবেন।
