২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতা প্রতিরোধে একমাসের মধ্যে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনের কথা বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

নাশকতামূলক কাজ প্রতিরোধে রাজধানীর বিভিন্ন ব্যাংক, হাসপাতাল, মার্কেট, ব্যক্তি মালিকানাধীন অ্যাপার্টমেন্টসহ বাস টার্মিনাল এবং লঞ্চঘাট ও নৌবন্দরে এক মাসের মধ্যে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) স্থাপনের উপর জোর দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2005, 06:12 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

যুক্তরাষ্ট্র সরকারের আমন্ত্রণে ২৩ জুলাই ১৪ দিনের সফরে যাওয়ার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা বিষয়ক নিয়মিত সভায় এ বিষয়ে গুরুত্বারোপ করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

সভায় রাজধানীর বিভিন্ন ধরনের অপরাধ, বিশেষ করে ডাকাতি, খুনসহ অন্যান্য অপরাধ প্রতিরোধে সাপ্লিমেন্টারি (সহায়ক) শক্তি হিসেবে কম্যুনিটি পুলিশিং এবং ব্যক্তিগত উদ্যোগের ওপরও গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে উপস্থিত একটি সূত্র জানায়, রাজউকের ভবন নির্মাণ বিধিমালায় যাতে ছয় তলা বা তার চেয়ে উঁচু ভবনে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা বাধ্যতামূলক করা হয়, সেই ব্যবস্থা গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।

সূত্র জানায়, বৈঠকে গত মাসে রাজধানীতে সংঘটিত ডাকাতি, গাড়ি চুরি এবং ছিনতাইয়ের সাথে চলতি মাসের অপরাধের তুলনামূলক পর্যালোচনা করা হয়।

রাজধানীতে ডাকাতি ও গাড়ি চুরি বেড়ে যাওয়ার ঘটনা স্বীকার করে মন্ত্রী বলেন, এ ধরনের ঘটনা কেন ঘটছে, তা পর্যালোচনা করা হচ্ছে।

এসব অপরাধ প্রতিরোধে রাজধানীতে ব্লক রেইড জোরদার করার জন্যেও আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে সভায়।

এছাড়া সন্ত্রাসবিরোধী অভিযানে বিশেষ ভূমিকা রাখার জন্যে ৪২জন পুলিশ এবং ১০জন র‌্যাব সদস্যকেও সম্মানসূচক প্রশংসাপত্র প্রদান করা হয়।

বৈঠকে অন্যান্যের মধ্যে র‌্যাবের পুলিশের আইজি, ডিএমপির বিভিন্ন জোনের ডিসি ছাড়াও র‌্যাবের চারটি ব্যাটেলিয়নের প্রধানগণ ও উচ্চপদস্থ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।