সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি, পানিবন্দি লক্ষাধিক
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। যমুনা নদীর পনি সিরাজগঞ্জ পয়েন্টে পাঁচ সে.মি. বৃদ্ধি পেয়েছে এবং সেই সাথে বৃহস্পতিবারেও আভ্যন্তরীণ নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় আরও নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন এবং বন্যা নিয়ন্ত্রণ অফিস সূত্রে জানা যায়, সদর উপজেলার ১০ টি, কাজীপুর পৌরসভাসহ ১১ টি, বেলকুচির ছয়টি, তাড়াশের পাঁচটি, শাহজাদপুরের চারটি, উল্লাপাড়ার চারটি, চৌহালীর তিনটি এবং রায়গঞ্জের ১ টি ইউনিয়নসহ মোট ৪৪ টি ইউনিয়ন বন্যা কবলিত হয়ে পড়েছে।
সূত্র আরও জানায়, মোট ২৪ হাজার দুইশ’ ৯৫ টি পরিবারের প্রায় এক লাখ ২২ হাজার একশ’ ৬৫ জন লোক পানিবন্দি হয়ে পড়েছে। বেসরকারি হিসাবে পানিবন্দি হয়ে পড়েছে জেলার প্রায় ৬০ টি ইউনিয়নের দুই লক্ষাধিক মানুষ ।
এ পর্যন্ত ৫২ কি.মি. রাস্তাঘাট বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সরকারি সূত্রে জানা যায়। এছাড়া, কাজীপুর উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
কৃষি সম্প্রসারণ সূত্র জানায়, বন্যায় চার হাজার তিনশ’ ৩২ একর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কৃষকদের মতে, বন্যায় ক্ষতিগ্রস্ত ফসলি জমির পরিমাণ প্রায় ৭২ হাজার একর বলে জানা গেছে।
এদিকে পানিবন্দি মানুষের জন্য সারা জেলায় একমাত্র কাজীপুর উপজেলায় একটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।
