বরিশালে হায় হায় কোম্পানির দৌরাত্ম
তিন হাজার টাকার বিপরীতে ১০ হাজার ৫’শ টাকার প্রলোভনে ফেলে বরিশাল নগরীর বাঙ্গালী শিক্ষিত সমাজ (বিএলএস) নামের একটি প্রতিষ্ঠান গত দু’মাসে দুই হাজারের বেশি গ্রাহকের কাছ থেকে ৬০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।
বিএলএস এর কার্যক্রম সন্দেহজনক হওয়ায় সোমবার কোতয়ালী থানা পুলিশ বিএলএস কার্যালয়ে অভিযান চালায়। এ সময় পুলিশ ঐ প্রতিষ্ঠানের কিছু কাগজপত্র জব্দ করে। কোতয়ালী থানা পুলিশ মঙ্গলবার বিএলএস-এর জনতা ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকের হিসাব নম্বর ক্লোজ করে দেয়।
জনতা ব্যাংক কর্পোরেট শাখা সূত্র জানিয়েছে, ঐ হিসাব নম্বরে গত ৫ দিন পূর্বে ২০ লাখ টাকা জমা ছিল। বর্তমানে জনতা ব্যাংকে ৫ লাখ ৯৯ হাজার ও প্রিমিয়ার ব্যাংকে সোয়া লাখ টাকা রয়েছে।
কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, বিএলএস প্রতিষ্ঠানটির শুধু সিটি কর্পোরেশনের একটি ট্রেড লাইসেন্স রয়েছে। বাংলাদেশ ব্যাংক কিংবা সমাজ সেবা অধিদপ্তর থেকে ঐ প্রতিষ্ঠানটি কোন অনুমতি নেয়নি।
