২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি আফতাব আহমাদকে অব্যাহতি, ওয়াকিল আহম্মদ নতুন ভিসি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আফতাব আহমাদকে বুধবার অব্যাহতি দেওয়া হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2005, 10:19 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য, বাংলা একাডেমীর চেয়ারম্যান অধ্যাপক ড. ওয়াকিল আহম্মদকে নতুন উপাচার্য নিযুক্ত করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ধানমণ্ডির কার্যালয়ে নতুন ভিসি ড. ওয়াকিল আহম্মদ বুধবার সন্ধ্যায় তার দায়িত্বভার গ্রহণ করেন।

নারী কেলেংকারি, গণএডহকভিত্তিক নিয়োগ ও অর্থ আত্মসাত নিয়ে সাবেক উপাচার্য আফতাব আহমাদের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর বিশ্ববিদ্যালয়ে কত লোক কীভাবে নিয়োগ দেয়া হয়েছে সে তথ্য জানতে চেয়ে শিক্ষা মন্ত্রণালয়  চিঠি পাঠায়। মন্ত্রণালয় থেকে ১৩ দফায় চিঠি দেয়ার পরও আফতাব তার জবাব  দেননি।

এরপর শিক্ষা মন্ত্রাণালয় সংক্রান্ত স্থায়ী কমিটি এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্তে অভিযোগের সত্যতার প্রমাণ পাওয়ায় স্বাধীন দুর্নীতি দমন কমিশন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। এর  প্রেক্ষিতে সরকার বুধবার তাকে অব্যাহতি দেয়।

আফতাব আহমাদ সবচেয়ে বেশি বিতর্কিত হন উপ-রেজিস্ট্রার রাজিয়া সুলতানা জুঁইকে অনিয়মের মাধ্যমে নিয়োগ দিয়ে তার সাথে অবৈধ সম্পর্ক স্থাপনের চেষ্টার অভিযোগে।

সর্বশেষ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনী লেখার নামে বাংলা একাডেমী থেকে সাড়ে আট লাখ টাকা উত্তোলন করে দীর্ঘদিনেও পাণ্ডুলিপি জমা না দেওয়ায় তার অব্যাহতি ত্বরান্বিত হয় বলে অনেকে মনে করছেন।