২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কম্পিউটারাইজড ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতি কমবে’

দেশের ভূমি ব্যবস্থাপনা পুরোপুরি কম্পিউটারাইজড সিস্টেমের আওতায় আনা হলে বিদ্যমান ভূমি সংক্রান্ত দুর্নীতি ও বিরোধের কার্যকর নিষ্পত্তি সম্ভব হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

কম্পিউটারাইজড সিস্টেম চালুর ক্ষেত্রে ডেমরা এলাকার পাইলট প্রকল্পের সফলতার পর ভূমি সংক্রান্ত অপরাধ ও দুর্নীতি এবং মানুষের ভোগান্তি বন্ধে এ ব্যবস্থার কার্যকারিতার ব্যাপারে সরকার আশাবাদী।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া বলেন, ‘আদালতে ঝুলে থাকা মামলার ৯০ শতাংশই ভূমি বিরোধ সংক্রান্ত। আমরা যদি দেশের ভূমি ব্যবস্থাপনা সফলভাবে কম্পিউটারাইজড সিস্টেমের আওতায়  আনতে পারি, তাহলে ভূমি সংক্রান্ত বিরোধ অনেকাংশেই কমে যাবে বলে আমি আশা করছি।’

রাজধানীর বিয়াম মিলনায়তনে বুধবার ভূমি মন্ত্রণালয় আয়োজিত ‘দেশের ভূমি ব্যবস্থাপনায় কম্পিউটারাইজড সিস্টেম ঃ ডেমরা সার্কেল পাইলট প্রকল্পের অভিজ্ঞতা ও ভবিষ্যত পরিকল্পনা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, এর ফলে সরকারের রাজস্ব আয় বেড়ে যাবে। তাছাড়া ভূমি সংক্রান্ত সকল বিরোধ দূর হওয়ার মাধ্যমে সামাজে শৃঙ্খলা ফিরে আসবে।

তিনি আরও বলেন, এ ব্যবস্থা ভূমি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে।

মন্ত্রিপরিষদ সচিব ড. সাদাত হোসেনের সভাপতিত্বে ভূমি প্রতিমন্ত্রী উকিল আবদুস সাত্তার ও উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস দুল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ঢাকার ডেপুটি কমিশনার মোহাম্মদ আব্দুল বারী ডেমরা সার্কেল পাইলট প্রকল্পের খুঁটিনাটি এবং ভূমি ব্যবস্থাপনায় কম্পিউটারাইজড সিস্টেম চালুর ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন।

কম্পিউটারাইজড সিস্টেমের আওতায় জিআইএস পদ্ধতিতে একটি এলাকার আর এস রেকর্ডের সর্বশেষ তথ্য ও ম্যাপ কম্পিউটারে সংরক্ষিত থাকবে।

ম্যাপ তৈরি এবং কম্পিউটারে থাকা তথ্য বিশ্লেষণের  জন্য একটি সফটওয়ার তৈরি করা হবে। এই ব্যবস্থার মাধ্যমে কোনও জমির সম্ভাব্য ক্রেতা জমি ক্রয়ের পূর্বে ওই জমি সম্পর্কে সকল তথ্য জানতে পারবেন।