২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতি বছর দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে ২ লাখ টন জ্বালানি তেল

প্রতি বছর দেশ থেকে প্রায় দুই লাখ টন জ্বালানি পাচার হয়ে যাচ্ছে। এর মধ্যে ডিজেলই পাচার হচ্ছে দেড় লাখ টনেরও বেশি। দেশে প্রতিদিনের জ্বালানি তেলের চাহিদা ও সরবরাহের ব্যবধান থেকে এ তথ্য দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)’র বিপণন বিভাগ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2005, 02:05 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

দেশে ডিজেলের চাহিদা ও সরবরাহের চিত্র তুলে ধরে বিপিসি সূত্র জানায়, দেশে এখন প্রতিদিন ডিজেলের চাহিদা ৫,২০০ টন। কিন্তু ১ জুলাই থেকে গড়ে ৫,৪০০ টন ডিজেল সরবরাহ হচ্ছে। সরবরাহকৃত উদ্ধৃত্ত ডিজেল পাচার হচ্ছে বলে সূত্র দাবি করেছে।

চট্টগ্রামের মূল স্থাপনা ছাড়াও তিনটি বিপণন প্রতিষ্ঠানের অধীনে সারা দেশে চারটি ডিপো ও ১৪টি সরবরাহ কেন্দ্র রয়েছে। চট্টগ্রাম থেকে নদী পথে বিভিন্ন ডিপো ও সরবরাহ কেন্দ্রে তেল পাঠানো হয়। সত্তরটি ইনল্যান্ড কার্গো জাহাজ চট্টগ্রাম থেকে সারাদেশে তেল পরিবহন করে। এই পরিবহনের সময়ই মূলত: তেল পাচার হয় বলে সূত্র উল্লেখ করেছে।

সীমান্ত পথে দেশের বাইরে ছাড়াও চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরের বিদেশী জাহাজগুলো নিজেদের জ্বালানি সংগ্রহ করে থাকে চোরাপথে। নিয়মানুযায়ী জ্বালানি তেলের ক্ষেত্রে পাঁচ শতাংশ সিস্টেম লস ধরা হয়। এ ছাড়াও বিপিসি’র হিসাব অনুযায়ী, প্রতি বছর আড়াই থেকে তিন শতাংশ তেলের কোনও হিসাব পাওয়া যায় না।

বিপিসি’র সচিব আনিসুজ্জামান জানিয়েছেন, তেল চুরি হয়, এটা সত্য। চুরি যাওয়া তেল কোথায় যায় সে ব্যাপারে আমার কোন ধারণা নেই। তেল চুরি বা পাচার রোধে বিশেষ কোন ব্যবস্থাও নেই বলে তিনি উল্লেখ করেন। 

১৯৯৮ - ১৯৯৯ সালে জ্বালানি তেল পাচার রোধ ও তেল স্থাপনাগুলোর নিরাপত্তার জন্য একটি কমিটি গঠন করা হয়। তবে কমিটির তেমন কোন কর্মকান্ড নেই বলে অভিযোগ উঠেছে।

এদিকে প্রতিটি জেলার জ্বালানি তেলের প্রয়োজনের উপর একটি ডাটাবেজ তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার এ সিদ্ধান্ত নেয়া হয়।

জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান বলেন, পাশের দেশে ডিজেল পাচার হয়ে যাচ্ছে এমন অভিযোগ আছে। তাই দেশের কোন জেলায় কি পরিমাণ ডিজেল ব্যবহার হচ্ছে তার উপর আগামী ১৫ দিনের মধ্যে বিপিসি একটি রিপোর্ট পেশ করবে।

তিনি জানান, রিপোর্টে ডিলারদের জিজেল বিক্রির ধরন ও ক্রেতার উপর তথ্য থাকবে। যাতে কোথাও অবাস্তব হারে ডিজেল বিক্রি বেড়ে গেলে সংশ্লিষ্ট ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সহজতর হবে।

২০০৪ - ২০০৫ অর্থ বছরে বিপিসি ৩৭ লাখ ৭০ হাজার টন জ্বালানি তেল আমদানি করেছে। এর মধ্যে ২২ লাখ ৭০ হাজার টনই ডিজেল।