২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক সমতা সৃষ্টির আহ্বান

প্রান্তিক জনগোষ্ঠির মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে মঙ্গলবার উদ্বেগ প্রকাশ করেছেন এক আলোচনা সভার বক্তারা। বক্তারা সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক সমতা আনতে গুরুত্বারোপ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2005, 08:15 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

বেসরকারি সংস্থা এইচআইভি/এইডস এবং এসটিডি এলায়েন্স বাংলাদেশ (হাসাব) অপর একটি এনজিও মানুষের জন্য এর সহায়তায় গণমাধ্যমের ব্যক্তিত্বদের নিয়ে এ আলোচনা সভার আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. নজরুল ইসলাম। ডিএফআইডি’র জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সেক্টর ব্যবস্থাপক ডা. এমএ সবুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় অন্যান্যদের মধ্যে মানুষের জন্য’র টীম লিডার শাহিন আনাম ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার নির্বাহী পরিচালক এলিনা খান বক্তব্য রাখেন। হাসাবের নির্বাহী পরিচালক ডা. নাজনিন আক্তার অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন।

অধ্যাপক নজরুল বলেন, এইচআইভি বা এইডস এ আক্রান্ত রোগীরা মানবাধিকার লঙ্ঘনের শিকার হন। এমনকি চিকিৎসকরা পর্যন্ত সচেতনতার অভাবে রোগীদের ভালভাবে স্বাস্থ্য সেবা দিতে অপারগতা প্রকাশ করেন।

আলোচনা সভায় বক্তারা জানান, আমাদের দেশে কমপক্ষে ৭৫০০ মানুষ এইডস রোগে আক্রান্ত এবং বিশেষজ্ঞরা এটাকে মহামারি হিসেবে আখ্যা দিয়েছেন। গত বছর পর্যন্ত ৪৬৫ জন রোগীর দেহে এইডস সনাক্ত হয়েছে এবং এদের মধ্যে ৪৪ জন মারা গেছে।