২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বেশিরভাগ ছাত্র, শিক্ষক এবং অভিভাবকের এইডস সম্পর্কে ধারণা নেই’

দেশের ৪৮ শাতংশ স্কুল ছাত্র এবং ৫৪ শতাংশ অভিভাবকের ভয়ঙ্কর রোগ এইডস সম্পর্কে কোনও জ্ঞান বা ধারণা নেই। এক জরীপে এ কথা জানা যায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2005, 10:00 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

এমনকি দেশের ৪৫ শতাংশ শিক্ষকেরও এ রোগ সম্পর্কে সম্যক জ্ঞান নেই। বেসরকারি সংস্থা ‘লাইফ’ পরিচালিত এক জরীপে এ তথ্য বেরিয়ে আসে।

নগরীর ¯ু‹লগামী (অষ্টম থেকে দশম শ্রেনী) এবং বিদ্যালয় বহির্ভূত ছাত্র, তাদের শিক্ষক এবং অভিভাবকের ওপর লাইফ এই জরীপ চালায়। রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক কর্মশালায় এই প্রতিবেদন প্রকাশ করা হয়।

নগরীর ধানমণ্ডি, মিরপুর ও মোহাম্মদপুর এলাকার মোট ৮৬৩ জন ছাত্র, ১২৮ জন অভিভাবক এবং ১৫ টি হাইস্কুলের ১১৮ জন শিক্ষক ও চারটি সাইবার সেন্টারের ওপর যৌনস্বাস্থ্য ও সচেতনতা বিষয়ক এই জরীপ চালানো হয়।

জরীপ অনুযায়ী, ৬৭ শতাংশ ছাত্র মন্তব্য করেছে, দক্ষ চিকিৎসক এইডস নিরাময় করতে পারেন। ৭৭ শতাংশ মনে করেন, এই রোগে শিশুরা আক্রান্ত হয় না এবং শতকরা ৫২ জন মনে করে, স্পর্শের মাধ্যমে এই রোগ হতে পারে।

নয় ধরণের প্রশ্নের জবাবে জানা যায়, ৩৪ শতাংশ ছাত্র তাদের পরিবারে যৌন সমস্যা নিয়ে কথা বলতে লজ্জা পায়। ৫৮ শতাংশ ছাত্র তাদের স্বাস্থ্য সমস্যা নিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলতে চায় না।

জরীপভূক্ত ৮৬৩ জনের মধ্যে ৭২ জন জানায়, তাদের যৌন অভিজ্ঞতা রয়েছে। চার শতাংশ নিয়মিত সেক্স করে।

তবে ৮ দশমিক ৩ শতাংশ ছাত্রের যৌন অভিজ্ঞতা থাকলেও তারা বিবাহিত কিনা জরীপে এ কথা বলা হয়নি।

এইডস নিয়ে বাংলাদেশ সরকারের ২০০৪ সালের ডিসেম্বরে সর্বশেষ প্রকাশিত রিপোর্টে জানা যায়, দেশে প্রায় সাড়ে সাত হাজার এইচআইভি ভাইরাস আক্রান্ত রোগী রয়েছে। যাদের মধ্যে ৪৬৫ জন এইচআইভি পজিটিভ, ৮৭ জন এইডস রোগী এবং ৪৪ জন এইডসে মারা গেছে। এনএএসপি’র লাইন ডিরেক্টর ফাতেমা পারভিন চৌধুরী, ইউএন তথ্য কেন্দ্রের অফিসার ইন চার্জ কাজী আলী রেজা, ইউনিসেফ’র এইচআইভি সমন্বয়ক ইভোনি ক্যামারনি, লাইফ’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কামরুল ইসলাম সনি কর্মশালায় উপস্থিত ছিলেন।