র্যাবে সদস্যদের ধৃষ্টতায় এখনও কোনও পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ
র্যাব সদস্যরা শুক্রবার একটি বেসরকারি কোম্পানির শীর্ষ নির্বাহী কর্মকর্তার ওপর অমানবিক নির্যাতন চালালেও কর্তৃপক্ষ এ ব্যাপারে এখনও কোনও পদক্ষেপ নেয়নি।
নির্যাতিত আবু বকর সুলতানের বোন খাদিজা রহমান মায়া শনিবার রাতে সংশ্লিষ্ট র্যাব সদস্যদের বিরুদ্ধে উত্তরা পুলিশের কাছে একটি পাল্টা সাধারণ ডায়েরি করেন। র্যাব সদস্যরা শুক্রবার সুলতানের বিরুদ্ধে র্যাব সদস্যর ওপর হামলার অভিযোগে একটি জিডি করেছিল।
বর্তমানে সুলতান ধানমণ্ডি সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। র্যাব সদস্যরা তাকে রড দিয়ে পেটানোর ফলে তার হাত পা এবং শরীরের বিভিন্ন স্থানে গভীর জখম হয়েছে এবং তার পা ও হাতের আঙ্গুল ভেঙ্গে গেছে।
সূত্র জানায়, এ ব্যাপারে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই) এবং কয়েকটি মানবাধিকার সংগঠন তদন্ত শুরু করেছে।
অন্যদিকে, খাদিজা রহমান মায়া জিডিতে উল্লেখ করেন, একজন বৃদ্ধকে তিনজন লোক প্রহার করার ঘটনার ব্যাপারে জানতে চাইলে র্যাব সদস্যরা তার ভাইকে প্রায় দু ঘন্টারও বেশি সময় ধরে প্রহার করে।
খাদিজা রহমান আশরাফুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানান।
র্যাব-১ এর কমান্ডিং অফিসার মাহবুব আলম মোল্লা এ ব্যাপারটিকে ভুল বোঝাবুঝি হিসেবে উল্লেখ করে বলেন, এ ব্যাপারে আর কিছু করার নেই। তাকে ছেড়ে দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, পুলিশ কর্মকর্তার ওই আত্মীয় আশরাফুল ইসলামের ওপর হামলা করার কারণে এ ঘটনাটি ঘটেছে।
এএসপি আশরাফুল ইসলাম বিডিনিউজকে জানান, আমি র্যাব সদস্য জেনেও সুলতান আমার সাথে খারাপ আচরণ করেছে। সে সময় অন্য র্যাব সদস্যরা আমাকে উদ্ধার করে এবং তাকে তুলে নিয়ে আসে। সুলতান দীর্ঘকায়। তার হাত থেকে রক্ষা পেতে তার চোখে বালি ছুঁড়ে মেরেছিলাম।
উত্তরা থানার কর্তব্যরত পুলিশ অফিসার এসআই লুৎফর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজকে জানান, তিনি জিডি এবং পাল্টা জিডির পরবর্তি পদক্ষেপের ব্যাপারে অবগত নন।
ডিসি (উত্তর) ওবায়দুল হক বিডিনিউজকে বলেন, আগামীকাল এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
অন্যদিকে, বিভিন্ন মানবাধিকার সংগঠন গুরুতর আহত সুলতান দেখতে যান এবং র্যাব সদস্যদের ক্ষমতার অপব্যবহারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।
