সারাদেশে বন্যা পরিস্থিতির অবনতি, লাখ লাখ মানুষ পানিবন্দি
দেশের বিভিন্ন জেলায় নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং বেশ কিছু নতুন এলাকা প্লাবিত হয়েছে। দেশের সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
বিডিনিউজ সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানিতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় যমুনার পানির উচ্চতা ৯ সেমি বৃদ্ধি পাওযায় সিরাজগঞ্জ সদর, কাজীপুর, চৌহালী, শাহজাদপুর ও তাড়াশ উপজেলার ৩৫ ইউনিয়নের প্রায় দু লাখেরও বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। রোববার সন্ধ্যায় যমুনার পানির উচ্চতা ছিল ১৩ দশমিক ১০ সেমি।
অন্যদিকে, যমুনার অব্যাহত পানি বৃদ্ধির পাশাপাশি ভাঙ্গনও অব্যাহত রয়েছে। কাজীপুর উপজেলার মেঘাই স্পার এলাকায় ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে বালির বস্তা ফেললেও পানির তোড়ে তা কার্যকর হচ্ছে না। অন্যদিকে, চলনবিল অঞ্চলের তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ, নিমগাছি, সগুনা ও বারোহাস ইউনিয়নের ৮০টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। অভ্যন্তরীণ নদীর পানি বৃদ্ধিতে দুকূলের প্রায় ৩০টি ইউনিয়নের পাঁচ হাজার পরিবারও পানিবন্দি হয়ে পড়েছে।
বিডিনিউজ গোয়ালন্দ প্রতিনিধি জানান, গত তিনদিনে পদ্মা নদীর অব্যাহত ভাঙ্গনে আক্কাস আলী হাইস্কুল এবং একটি প্রাথমিক বিদ্যালয় নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে আরও দুটি প্রাথমিক বিদ্যালয়। পদ্মায় অব্যাহত ভাঙ্গনে স্থানীয় লোকজনের মাঝে আতংক দেখা দিয়েছে। মানুষজন নিরাপদ আশ্রয়ের খোঁজে গ্রাম ছেড়ে যাচ্ছে। উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের উড়োকাদা, বাঘাবাড়ি, ফুসে হাট, শীতলপুরসহ কয়েকটি গ্রামের শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলিন হয়ে গেছে।
বিডিনিউজ কুড়িগ্রাম প্রতিনিধি জানান, জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ধরলা নদীর পানি বিপদ সীমার ১৬ সেমি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার ৬০ টি ইউনিয়নের প্রায় চার লাখ মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছে। পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় ধরলা নদীর পানি ২৩ সেমি বৃদ্ধি পেয়েছে। বন্যাকবলিত মানুষের জন্যে রোববার ৫০ মেট্রিক টন চাল এবং এক লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে।
কুড়িগ্রাম-রংপুর সড়কে তিস্তা ব্রিজের দক্ষিণ প্রান্তে পাকা রাস্তার মাঝে বিরাট অংশ দেবে গেছে। ফলে যানচলাচল বন্ধ হয়ে যাওয়ার আশংকা করা হচ্ছে।
বিডিনিউজ গাইবান্ধা প্রতিনিধি জানান, একটানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির ঢলে রোববার ব্রহ্মপুত্র, করতোয়া ও ঘাঘট নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় আরও নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। গত ২৪ ঘন্টায় ৩৩ দশমিক ৭ সেমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ব্রক্ষ্মপুত্রের পানি বিপদসীমার ১৭ সেমি, ঘাঘট নদীর পানি বিপদসীমার ৮০ সেমি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে, তিস্তা নদীর পানি ২২ সেমি এবং করতোয়া নদীর পানি ১০ সেমি বৃদ্ধি পেয়েছে। অব্যাহত পানি বৃদ্ধির ফলে সৃষ্ট ভাঙ্গনে শহর রক্ষা বাঁধ বিপন্ন হয়ে পড়েছে।
বিডিনিউজ নড়াইল প্রতিনিধি জানান, গত দু’দিনের অবিরাম বর্ষণে নড়াইলে বিভিন্ন এলাকার নিুাঞ্চল প্লাবিত হয়েছে। বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় রোপা আমন ধানের ব্যাপক ক্ষতি হচ্ছে।
বিডিনিউজ নেত্রকোনা প্রতিনিধি জানান, গত তিনদিনের অবিরাম বর্ষণ ও পাহাড়ি ঢলে জেলার দূর্গাপুর উপজেলাসহ নেত্রকোনা সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নের অধিকাংশ নিুাঞ্চল প্লাবিত হয়েছে। পানি বৃদ্ধিতে বি¯তৃত জমির উঠতি আমন ধান বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে।
বিডিনিউজ শেরপুর প্রতিনিধি জানান, জেলার ৪৬টি ইউনিয়নের উজানে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ভাটিতে অবস্থার আরও অবনতি হয়েছে। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। জেলার প্রায় পাঁচ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বন্যায় ৭৬ কিমি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সম্পূর্ণ ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিডিনিউজ রামগঞ্জ প্রতিনিধি জানান, অবিরাম বর্ষণ কিছুটা কমে এলেও উজান থেকে নেমে আসা ঢলে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উপজেলার পৌর এলাকা এবং বেশ কয়েকটি ইউনিয়ন প্লাবিত হয়।
