মিরপুরের গৃহবধু ক্যামেলিয়ার মৃত্যুকে হত্যাকান্ড হিসেবে দাবি, হত্যামামলা দায়ের
রাজধানীর মিরপুরের বড়বাগ এলাকার গৃহবধূ ক্যামেলিয়ার মৃত্যুকে একটি হত্যাক্াণ্ড হিসেবে দাবি করে শেষ পর্যন্ত মামলা করছেন নিহতের মা হালিমা বেগম।
ঢাকার মূখ্য মহানগর হাকিমের আদালতে রোববার এ মামলা দায়ের করা হয়।
মামলায় মিরপুর থানার ওসি, সেকেন্ড অফিসার, দুই সাব ইন্সপেক্টর, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের এক ডাক্তার, ক্যামেলিয়ার স্বামী মনির হোসেন, ভাসুর শাহরিয়ার, দেবর আকতার, ননদ আনোয়ারা ও পারভীনকে হত্যা, আলামত গোপন করা এবং মিথ্যা ময়নাতদন্দ রিপোর্ট তৈরী করার অভিযোগে আসামী করা হয়েছে।
মামলায় বলা হয়েছে, ক্যামেলিয়াকে যৌতুকের দাবিতে মারধর করা হলে এর আগে ২০০২ সালের ২২ মে ক্যামেলিয়ার স্বামী ভাসুর দেবর ও ননদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন হালিমা বেগম। মনির মামলাতে আপোষের কথা বলে ক্যামেলিয়াকে বড়বাগ এলাকাস্থ মনিরের নিজ বাসায় নিয়ে আসে। চলতি বছরের ১২ জুলাই নারী ও শিশু নির্যাতনের মামলাটির খোঁজ নিতে হালিমা বেগম আদালতে আসেন তখন পেশকার জানান যে ক্যামেলিয়া আত্মহত্যা করেছে।
এ ব্যাপারে ভাসুর শাহরিয়ার একটি অপমৃত্যুর মামলা করেন। বাদি ঢাকা মেডিকেলে গেলে জানতে পারেন ৫ জুলাই ক্যামেলিয়ার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরে কেউ লাশের খবর না নিলে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে লাশ দাফন করা হয়।
হালিমা বেগম রোববার তার কন্যার হত্যার বিচার দাবি করে তিনটি আবেদন করেন। একটিতে ক্যামেলিয়ার স্বামী, ভাসুর, দেবর ও ননদকে হত্যার দায়ে অভিযুক্ত করা হয়েছে। দ্বিতীয়টিতে এ পাঁচজনসহ মিরপুর থানার ওসি, সেকেন্ড অফিসার, সাব ইন্সপেক্টরসহ মোট দশজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তৃতীয় আবেদনে লাশ উত্তোলন করে পূনঃময়না তদন্ত চাওয়া হয়েছে।
বাদির বক্তব্য শুনে মহানগর হাকিম মিজানুর রহমান প্রথম দু’টি আবেদন অপমৃত্যুর মামলার সাথে সংযুক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মিরপুর থানাকে নির্দেশ দেন এবং লাশ উত্তোলনের আবেদনটি সোমবার শুনানির জন্য রাখা হয়েছে।
