২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে শিল্পপতি ফরহাদ হত্যা মামলায় ৬ চরমপন্থীর মৃত্যুদণ্ড

বাগেরহাটের শিল্পপতি এবং আওয়ামী লীগ নেতা এসএম ফরহাদ হোসেন হত্যা মামলায় আদালত নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল) ছয় চরমপন্থী সদস্যকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2005, 07:45 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত খুলনা অঞ্চলের শীর্ষ চরমপন্থী নেতা জনযুদ্ধ ক্যাডার মো. সাইফুজ্জামান ওরফে রিপন ওরফে শোয়েব ওরফে বাবু এবং শরিফুজ্জামান ওরফে সুমনসহ ছয় আসামিকে বেকসুর খালাস দেয়।

বাগেরহাটের জেলা ও দায়রা জজ নূরুন্নাহার ওসমানী রোববার এ রায় ঘোষণা করেন।

ফাঁসি তথা মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ছয় জন হচ্ছে, বাগেরহাটের ফকিরহাট উপজেলার মৌভোগ গ্রামের হাসান আলীর পুত্র খলিলুর রহমান ওরফে খলিল ওরফে কাজল ওরফে নয়ন ওরফে সাগর, বালিয়াডাঙ্গা গ্রামের লিহাজ উদ্দিনের পুত্র মুরাদ, একই গ্রামের খলিলুর রহমানের দুই পুত্র যথাক্রমে বদিউজ্জামান ওরফে লিটু, এবং আসাদুজ্জামান ওরফে মিন্টু ওরফে খোকন, পিলজং গ্রামের রাজ্জাক আলীর পুত্র হাফিজুর রহমান ওরফে দিপু কাজী এবং কাঁঠালতলা গ্রামের ইব্রাহিম শেখ এর পুত্র জাকির হোসেন। এদের মধ্যে আসাদুজ্জামান মিন্টু ওরফে খোকন, মুরাদ ও দিপু কাজী পলাতক রয়েছে।

জানা গেছে, ফাঁসির আদেশপ্রাপ্ত হাফিজুর রহমান ওরফে দিপু কাজী ২০০৪ সালে পুলিশের হাতে নিহত হয়। তবে আদালতের কাছে এ সংক্রান্ত কোনও তথ্য না থাকায় নথিতে দিপু কাজীকে পলাতক দেখানো হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০০১ সালের ১৬ অক্টোবর দুপুরে ফকিরহাট উপজেলাধীন বাগেরহাট-খুলনা সড়কের কাঁঠালতলা নামক স্থানে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এম.এল) সদস্যরা চাঁদার দাবিতে খুলনা বাগেরহাট অঞ্চলের বিশিষ্ট চিংড়ি ব্যবসায়ী, শিল্পপতি এসএম ফরহাদ হোসেনকে গুলি করে হত্যা করে। নিহতের স্ত্রী রাশিদা বেগম বাদি হয়ে পরদিন ফকিরহাট থানায় চার আসামির নাম উল্লেখ করে মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে বাগেরহাট ডিবি পুলিশ ২০০২ সালের ৩০ সেপ্টেম্বর ১৪ জন চরমপন্থী সদস্যকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে।

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি হাওলাদার আব্দুল মান্নান এবং আসামিদের পক্ষে অ্যাড.মাহাফুজুর রহমান লাহু, একে আজাদ ফিরোজ টিপু, শাহ-ই-আলম বাচ্চু, মল্লিক আবু জাফর প্রমুখ আইনজীবী মামলাটি পরিচালনা করেন।