তত্ত্বাবধায়ক সংস্কার: সংসদের বাইরে আলোচনার কথা বলেলেন ইইউ রাষ্ট্রদূতরা
ঢাকায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের রাষ্ট্রদূতরা মনে করেন, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের লক্ষ্যে বিরোধী জোটের প্রস্তাবনা নিয়ে সংসদের বাইরেও আলোচনার সুযোগ রয়েছে।
ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী বললেন, আমরা সকলেই মনে করি, সংসদে বিষয়গুলো আলোচনা হওয়া সবচেয়ে ভালো, কিন্তু বাইরেও বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। কারণ, সংসদে কোনও বিষয়ে বিস্তারিত আলোচনা করা অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না।
আনোয়ার চৌধুরী এবং ইইউ’র অন্য রাষ্ট্রদূতরা রোববার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এমএ আজিজের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ব্রিটিশ রাষ্ট্রদূত আরও বলেন, আগামী সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠান নিশ্চিত করার লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে সম্ভাব্য সকল সহযোগিতা প্রদানে প্রস্তুত।
বিরোধী দলের সমন্বিত সংস্কার প্রস্তাব প্রসঙ্গে মন্তব্য করতে বলা হলে আনোয়ার চৌধুরী জানান, এ বিষয়ে তারা সিইসি’র সাথে কোনও আলোচনা করেননি।
তিনি বলেন, এটি একটি অভ্যন্তরীণ বিষয়। সরকার ও বিরোধী দলের আগ্রহের ওপর নির্ভর করে, তারা বিষয়গুলো নিয়ে আলোচনায় বসবেন কি-না। তবে এ আলোচনা সংসদে বা অন্য কোনও ফোরামেও হতে পারে।
আনোয়ার চৌধুরী জানান, বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় ডেনমার্ক বিনামূল্যে স্বচ্ছ ব্যালট বাক্স দিতে প্রস্তুত রয়েছে।
আলোচনায় নির্বাচন পর্যবেক্ষণ ইস্যুও স্থান পায়। ২০০১ সালের সাধারণ নির্বাচনে বাংলাদেশে ইইউ’র প্রায় দু শ’ পর্যবেক্ষক কাজ করেছেন।
প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজ পরে সাংবাদিকদের বলেন, আলোচনায় তারা ইউরোপীয় কূটনীতিকদের কাছে বাংলাদেশের নির্বাচনী বিধির ২৮ নং অনুচ্ছেদ বুঝিয়ে বলেছেন। এতে বলা হয়েছে: ভোটগ্রহণ শুরুর আগে প্রিজাইডিং অফিসার দলীয় এজেন্টদের সামনে ব্যালট বাক্স উল্টিয়ে দেখান এবং তাদের স্বাক্ষর নিয়ে ভোট গ্রহণ ও তা ব্যালট বাক্সে ফেলা শুরু করেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, তারা ভেবেছিলেন, ভোট গ্রহণের আগেই ব্যালট বাক্সগুলো ব্যালট পেপারে ভর্তি থাকে। আমরা তাদের নিশ্চিয়তা দিয়েছি, এ বিষয়টির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলোতে আমরা নজর দেবো।
ইউরোপীয় কূটনীতিকরা আরও জানতে চেয়েছেন, নির্বাচন পরিচালনায় কমিশনের পর্যাপ্ত জনশক্তি রয়েছে কি-না।
উত্তরে বিচারপতি এমএ আজিজ তাদের পর্যাপ্ত জনশক্তি রয়েছে এবং সরকার নির্বাচনে সেনা, নৌ, বিডিআর- এসব বিভাগ থেকে জনশক্তি দিয়ে সহযোগিতা করে বলে তাদের জানিয়েছেন।
প্রতিনিধি দলে ছিলেন, ইউরোপীয় কমিশনের হেড অব ডেলিগেশন এসকো কেন্ট্রোশিয়েনস্কি, ড্যানিশ রাষ্ট্রদূত নিলস সেভরিন মুংক, সুইডেনের রাষ্ট্রদূত মোরে ম্যাটসন, ফরাসী রাষ্ট্রদূত জ্যাক আন্দ্রে কস্টিলেস, জার্মান রাষ্ট্রদূত ডিয়েট্রিজ আন্দ্রিয়াস ও ইতালীয় রাষ্ট্রদূত পিয়েট্রো ব্যালেরো।
