ঝালকাঠিতে সেনাসদস্য ও পুলিশের হাতাহাতি, আহত ১
যাত্রীবাহী বাসের সিটে বসা নিয়ে রোববার সকালে ঝালকাঠির কাঁঠালিয়ায় এক সেনা সদস্য ও কয়েক পুলিশের মধ্যে হাতাহাতির ঘটনায় এক পুলিশ আহত হয়েছে। এসময় ওই সেনা সদস্যও লাঞ্ছিত হয়।
সূত্র জানায়, পুলিশের এক দারোগা ও চার কনস্টেবল ডিউটি শেষে কাঁঠালিয়ায় ফিরে আসতে সুন্দরবন সার্ভিসের বাসে ওঠে। পথে বটতলা থেকে সাদা পোশাকধারী সেনাসদস্য ইউসুফ আলীও (২৫) একই বাসে ওঠে।
ইউসুফ তার নির্ধারিত সিটে এক পুলিশকে বসে থাকতে দেখে তাকে অন্য সিটে সরে বসতে বলায় তাদের মধ্যে কথা কাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি বেধে যায়।
এসময় কনস্টেবল হান্নানের (২৪) নাক ফেটে যায়। পুলিশ বলছে, ইউসুফ আলীর আঘাতে হান্নানের নাক ফেটেছে। আবার অন্যপক্ষ বলছে, এক পুলিশ বন্দুক দিয়ে ইউসুফকে মারতে গেলে তা হান্নানের নাকে লাগে।
পরে বাসটি কাঁঠালিয়া আসলে পুলিশ সদস্যরা ইউসুফকে বাস থেকে নামিয়ে থানায় রাখে। আহত হান্নানকে প্রাথমিক চিকিৎসা শেষে আমুরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে কাঁঠালিয়া থানার ওসির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত ছাড়া কিছু বলা যাবে না বলে জানান।
