২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিক্রুটিং এজেন্সি ছাড়াই চাকুরি প্রার্থী বাছাই করবে জাপান ও বাংলাদেশ সরকার

বাংলাদেশ ও জাপান সরকার একটি নতুন চুক্তির অধীনে জাপানে চাকুরি প্রার্থীদের যৌথভাবে বাছাই ও প্রশিক্ষণ প্রদান করবে। প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাম্প্রতিক জাপান সফরকালে এ বিষয়ে দু’দেশের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2005, 11:33 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

এর ফলে জাপানের ভিসা প্রাপ্তিতে খুব কড়াকড়ি আরোপ হতে পারে। চুক্তিটি জনশক্তি রপ্তানী সংক্রান্ত নয় বলে এর দায়িত্বও কোনো রিক্রুটিং এজেন্সিকে দেওয়া হচ্ছে না।

নূতন নিয়মে কোনো জাপানি কোম্পানির চাহিদার ভিত্তিতে লোক নেওয়া হবে। প্রাথমিকভাবে প্রশিক্ষণার্থীরা এক বছরের প্রশিক্ষ শেষে শিক্ষানবিশ হিসেবে দুই বছরের জন্যে নিয়োগ লাভ করবে।

পরে তাদের চাকুরি সর্বাধিক পাঁচ বছর পর্যন্ত বাড়ানো হতে পারে।

পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান শনিবার মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, এটি প্রচলিত জনশক্তি রপ্তানির মতো নয়। একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে দুই দেশের সরকার শ্রমিক নিয়োগ করবে।

এর ফলে বাংলাদেশের মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে নূতন দ্বার উন্মোচিত হলো বলে মন্ত্রী মন্তব্য করেন।

তিনি বলেন, আমি শুনেছি কিছু রিক্রুটিং এজেন্সি এ ব্যাপারে তৎপরতা শুরু করেছে। এ জাতীয় ভিসার ক্ষেত্রে খুব কড়াকড়ি হবে। আর এটা হবে অনেকটা টেকনিক্যাল বৃত্তির মতো।

দি জাপান ইন্টারন্যাশনাল ট্রেনিং কো-অপারেশন অর্গানাইজেশন (জিটকো) এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী প্রশিক্ষণার্থীরা জাপান যাবে। তারা ৬০ ধরনের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে প্রশিক্ষণ নেবে।