২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একটি বিষয়ের মধ্যে জাতিসংঘের সংস্কার সীমাবদ্ধ থাকা উচিৎ নয় : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার ইস্যুতে অন্যান্য গুরুত্বপূর্ন বিষয়কে ম্লান করা উচিত নয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2005, 10:15 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জাপান সফরের ফলাফল নিয়ে শনিবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি বিষয়ের  মধ্যে জাতিসংঘের সংস্কার সীমাবদ্ধ হওয়া উচিত নয় এবং নিরাপত্তা পরিষদের সম্প্রসারণ পুরো সংস্কারেরই একটি অংশ।

জাতিসংঘ সংস্কারের ব্যাপারে যুক্তরাষ্ট্র্রের অবস্থান সম্পর্কে তিনি বলেন, যুুক্তরাষ্ট্র বলেছে যে, সংস্কার কোন সময় গন্ডির মধ্যে আবদ্ধ থাকা উচিৎ নয়। এ ব্যাপারে  সকলের সাথে খোলাখুলি বিস্তারিত আলোচনা প্রয়োজন এবং সর্বসম্মতভাবে এটাকে গ্রহন করতে হবে।

নিরাপত্তা পরিষদ সংস্কারে খসড়া প্রস্তাবের কো স্পন্সর হতে বাংলাদেশের কাছে জাপানের অনুরোধ বিষয়ে মন্ত্রী বলেন,  আমরা কো স্পন্সর হতে পারবো না এবং এটি তাদের অবগত করা হয়েছে। তারা ব্যাপারটি বুঝতে পেরেছে।

তিনি বলেন, সব সদস্য দেশ নিরাপত্তা পরিষদের সম্প্রসারনের ব্যাপারে সমর্থন দিয়েছে কিন্তু কার্যপ্রনালীতে ভিন্নতা পোষন করেছে।

নিরাপত্তা পরিষদে সদস্যপদের জন্য ভারতকে সমর্থনে বাংলাদেশের প্রতি অনুরোধ প্রসঙ্গে মোরশেদ খান বলেন, আগ্রহী প্রতিটি  দেশের সাথে কথা হয়েছে এবং দ্বিপাক্ষিক আলোচনা অব্যাহত রয়েছে। কে জানে, আমরাও সম্প্রসারিত নিরাপত্তা পরিষদের সদস্যপদ পেয়ে যেতে পারি।

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জাপান সফরকালে দুই দেশের প্রধানমন্ত্রী স্বীকার করেন যে, একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘের ব্যাপক সংস্কার প্রয়োজন।

এ ব্যাপারে দুই প্রধানমন্ত্রী নিশ্চিত যে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিক প্রতিনিধিই জাতিসংঘের বিশাল এ সংস্কার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ন ভুমিকা রাখছে।

বাংলাদেশ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে জাপানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে এবং জাপান বাংলাদেশের সমর্থনকে স্বাগত জানিয়েছে।