২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী রোববার বগুড়ায় গ্যাস সরবরাহ উদ্বোধন করবেন

রোববার দুপুর থেকে উত্তরাঞ্চলের শহর বগুড়ায় গ্যাস সরবরাহ শুরু হবে। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুপুরে আনুষ্ঠানিকভাবে বগুড়ায় গ্যাস সরবরাহ উদ্বোধন করবেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2005, 08:14 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

সরকারের প্রতিশ্র“তি অনুসারে নির্ধারিত সময়ের ছয় মাস আগেই বগুড়ায় গ্যাস সরবরাহ শুরু হতে যাচ্ছে।

গত ২৪ জুন গ্যাস ট্রান্সমিন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) এলেঙ্গা থেকে বগুড়া পর্যন্ত সঞ্চালন লাইন নির্মাণের কাজ শেষ করে। এতে ব্যয় হয় প্রায় ১২০ কোটি টাকা। অন্যদিকে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড প্রায় ৪৪ কোটি টাকা ব্যয়ে বগুড়া শহরে ২২০ কিলোমিটার পাইপ লাইন নেটওয়ার্ক স্থাপনের কাজ করে।

পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, গ্রাহক হওয়ার জন্য শনিবার পর্যন্ত পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের কাছে ২,৩৮৯টি আবেদন জমা পড়ে। এরমধ্যে আবাসিক ২,৩৪৮, বাণিজ্যিক ৩২, শিল্প ৬, সিএনজি স্টেশনের জন্য ২ এবং ক্যাপটিভ পাওয়ার জেনারেশনের জন্য ১টি আবেদন পড়ে। প্রক্রিয়া শেষে কোম্পানিটি ৮৬৫ টি আবাসিক গ্রাহক এবং ৩টি বাণিজ্যিক গ্রাহকের অনুকূলে ডিমান্ড নোট ইস্যু করে।

অর্থ জমা পাওয়ার পর কোম্পানি এখন পর্যন্ত ৫৪১ জন আবাসিক গ্রাহক, ১৯টি সরকারি - বেসরকারি গ্রাহক এবং ১টি বাণিজ্যিক গ্রাহককে সংযোগ গ্রদান করেছে।

পেট্রোবাংলা সূত্র জানায়, প্রাথমিকভাবে বগুড়ায় গ্যাস সংযোগ পাওয়ার জন্য ব্যাপক আগ্রহ দেখা গেলেও নতুন সংযোগ নেয়ার ক্ষেত্রে তেমন সাড়া মিলছে না। অবশ্য পেট্রোবাংলার একজন কর্মকর্তা বিডিনিউজকে বলেন, কয়েক বছর আগে যখন সিরাজগঞ্জে গ্যাস সরবরাহ শুরু হয় তখনো একই অবস্থা ছিলো। কিন্তু বর্তমানে সে সংকট নেই।

বগুড়ায়ও নতুন গ্রাহক পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না বলে এই কর্মকর্তা মন্তব্য করেন।