ভর্তি পরীক্ষা ছাড়াই গ্রেড পয়েন্টের ভিত্তিতে একাদশ শ্রেণীতে ভর্তি করা হবে
২০০৫-০৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির জন্যে শিক্ষার্থীদের কোনও ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে না। গ্রেড পয়েন্টের ভিত্তিতে এ ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।
মন্ত্রণালয়ের সভাকক্ষে শনিবার অনুষ্ঠিত দেশের সকল শিক্ষা বোর্ডের আওতাভুক্ত কলেজ এবং স্কুল অ্যান্ড কলেজসমূহে ভর্তির নীতিমালা চূড়ান্তকরণ বিষয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষামন্ত্রী ড.এম ওসমান ফারুক সভায় সভাপতিত্ব করেন।
এক তথ্য বিবরণীতে জানানো হয়, সভার সিদ্ধান্ত অনুসারে ২৫ আগস্টের মধ্যে বিলম্ব ফি ছাড়া ভর্তি প্রক্রিয়া শেষ করে ৩০ আগস্ট একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে।
সভায় শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ আসহাবুর রহমান, বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান এবং শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
